শিঙাড়া খেতে বেরিয়ে জরিমানা দিলেন তরুণ
দুপুরে ঘুম থেকে উঠে বাসায় নাশতা করেননি মো. আশিক। তিনি ঘর থেকে বেরিয়েছেন শিঙাড়া খাবেন বলে। মুখে মাস্ক ছিল, তবে তা থুতনিতে নামানো। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন এই তরুণ। স্বাস্থ্যবিধি না মানা ও চলাচলের জরুরি কারণ না থাকার অপরাধে তাঁকে ২০০ টাকা জরিমানা করা হয়।
রাজধানীর কাওলা বাজার এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরের ঘটনা এটি। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় চলাচল ও কার্যক্রমে বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি মানাতে এই অভিযান পরিচালিত হয়। বেলা ১১টা থেকে রাজধানীর কাওলা বাজার, আশকোনা হজ ক্যাম্প ও এয়ারপোর্ট স্টেশন রেলক্রসিংয়ে অভিযান চলে। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ২২ জনকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, মানুষ ঘর থেকে বের হওয়ার বিভিন্ন কারণ বলছেন। যাঁরা বের হচ্ছেন, তাঁরা ব্যাংক, বেসরকারি অফিস, হাসপাতাল, বাজার, করোনা পরীক্ষা করতে যাওয়ার কথা বলছেন।
দুই বন্ধু জাহিদ সরকার ও মো. জুয়েল পড়ালেখার বিষয়ে আলাপ করতে ঘর থেকে বের হয়েছেন। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন। দুই বন্ধুকে ঘর থেকে বের হওয়ার কারণ ও পড়ালেখা–সংক্রান্ত কী বিষয় নিয়ে আলোচনা, জানতে চাওয়া হলে তাঁরা সদুত্তর দিতে পারেননি। এ সময় তাঁদের দুজনকে ৪০০ টাকা জরিমানা করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত। তিনি বলেন, রাস্তায় প্রয়োজনের তুলনায় আজ মানুষের আনাগোনা ও ব্যক্তিগত গাড়ির চলাচল বেশি ছিল। কারণ জানতে চাওয়া হলে প্রত্যেকেই জরুরি কারণ দেখাচ্ছেন, আইডি কার্ডও দেখাচ্ছেন। যাঁরা কারণ জানাতে পারছেন না, তাঁদের অপরাধের মাত্রা বুঝে জরিমানা করা হয়েছে।
দুপুরে আশকোনা হজ ক্যাম্পের বিপরীতে মুক্তিযোদ্ধা মার্কেটের দোতলায় বিভিন্ন মুঠোফোন ও কম্পিউটারের দোকান খোলা রেখে ব্যবসা চলছিল। এ সময় সেখানে হাজির হন ভ্রাম্যমাণ আদালতের দল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলার ব্যবসায়ীরা দোকানের শাটার বন্ধ করে দ্রুত চলে যান। তবে নিচতলার কিছু দোকান খোলা থাকায় অন্তত ছয়টি দোকানিকে অপরাধের মাত্রা বুঝে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত বলেন, মূল সড়কের চেয়ে পাড়া-মহল্লার অলিগলিতে মানুষ বেশি পরিমাণে ঘোরাফেরা করছেন। কেউ কেউ বাসার সামনে, দোকানের সামনে আড্ডা দিচ্ছেন। মানুষ যদি তাঁর দায়িত্ব পালন না করেন, করোনাকে পাত্তা না দেন, তাহলে করোনার সংক্রমণ কমানো কঠিন হবে।
করোনা সংক্রমণ মোকাবিলায় রাজধানীসহ সারা দেশে চলছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। আজ অষ্টম দিনের সকালে রাজধানীর সড়কগুলো প্রায় ফাঁকা ছিল। একটু বেলা হতেই রাজধানীর বিভিন্ন সড়কে বিধিনিষেধের গত কয়েক দিনের তুলনায় রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মানুষের উপস্থিতি কিছুটা বেড়ে যায়। সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় মতিঝিলের ব্যাংকপাড়ায় মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।
রাজধানীর বছিলা, আসাদ গেট মোড়, কারওয়ান বাজার মোড়, শাহবাগ, পল্টন মোড়, মৎস্য ভবন মোড় ও গুলিস্তানে রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও রিকশার উপস্থিতি চোখে পড়েছে। এর মধ্যে কারওয়ান বাজারে দুপুর ১২টার দিকে দীর্ঘ সারিতে গাড়ি আটকে ছিল। মূলত সবই ব্যক্তিগত গাড়ি। গাড়ির চাপে এই যানজট তৈরি হয়। এ ছাড়া আসাদ গেট মোড়, মৎস্য ভবন ও গুলিস্তানের মোড়গুলোয় সিগন্যালে কিছুক্ষণের জন্য হলেও গাড়ি আটকে থাকতে দেখা গেছে। ফুটপাতে মানুষকে হাঁটাহাঁটি করতেও দেখা গেছে।
নগরীতে কিছু দূর পরপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পক্ষের তল্লাশিচৌকি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলেছে নগরীর বিভিন্ন এলাকায়। যাতায়াত ও কার্যক্রমে যৌক্তিক কারণ দেখাতে না পারলে ভোগ করতে হয় অর্থদণ্ডসহ বিভিন্ন শাস্তি। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের নিয়মিত টহল ছিল।