শিফা কম্পোজিটকে ১৬ লাখ ৭২ হাজার টাকা জরিমানা
রাজধানীর মিরপুরে পরিবেশ অধিদপ্তরের নির্দেশ লঙ্ঘন করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করায় শিফা কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ১৬ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে পরিবেশ আইন মেনে ভবন নির্মাণের নির্দেশও দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্স-মেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মিরপুর-১০ নম্বর সেকশনের ডি-ব্লকে ছয় হাজার বর্গফুট আয়তনের জমিতে প্রতিষ্ঠানটি ১৪ তলার একটি বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ করছিল। কিন্তু পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে চারপাশে প্রয়োজনীয় খোলা জায়গা রাখা হয়নি। এ ছাড়া গ্রহণ করা হয়নি ভবন নির্মাণকাজে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থাও। এমনকি ভবনের পাশে ১ দশমিক ৫ মিটার জায়গা প্রশস্ত রাখার নির্দেশনা থাকলেও মাত্র শূন্য দশমিক ৪৯ মিটার জায়গা রেখে পার্শ্ববর্তী ভবনকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলা হয়েছে। এসব অপরাধে পরিবেশ অধিদপ্তর শিফা কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলামকে এই জরিমানা করে।