শিবিরসহ সব মৌলবাদী সংগঠন নিষিদ্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক রাজনীতির ধারক জামায়াত-শিবির চক্রসহ সব মৌলবাদী রাজনৈতিক দল নিষিদ্ধ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিবিরের পৈশাচিক হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ছাত্রলীগের নেতারা শিবিরের হামলায় তাঁদের নেতা-কর্মী হত্যার বিচার দাবি করেন। সমাবেশে শিক্ষক নেতা অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, যেসব শিক্ষার্থী যুদ্ধাপরাধীদের বিচার এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখার স্বপ্ন দেখে, শিক্ষাঙ্গনগুলোতে আজ তারাই শিবিরের হামলার শিকার হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আজ সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।অধ্যাপক মোহাম্মদ সামাদ বলেন, ধর্মভিত্তিক রাজনীতির ধারক জামায়াত-শিবির চক্র দেশের অসাম্প্রদায়িক সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া যখন শুরু হয়েছে, তখনই দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ বলেন, সব বাধা অতিক্রম করে বর্তমান সরকার ’৭২-এর সংবিধানে ফিরে যাবে এবং এর মধ্য দিয়ে দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করবে।ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব প্রমুখ। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।