শিবিরের কর্মী সন্দেহে তিন ছাত্রকে মারধর করেছেন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কর্মীরা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেন্দ্রের (ডাকসু) সামনে এ ঘটনা ঘটে।আটক শিক্ষার্থীরা হলেন, আরবি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাসিরউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরাফাত ও লোকমান। তাঁরা সবাই জহুরুল হক হলের ছাত্র।প্রত্যক্ষদর্শীরা বলেন, ডাকসুতে বসে শিবিরের ১০-১২ জন কর্মী বৈঠক করছিলেন। বিষয়টি নজরে এলে মধুর ক্যানটিনে অবস্থানরত ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আটক হন তিনজন। আটক শিক্ষার্থীদের মারধরের একপর্যায়ে পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়। জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল কবির প্রথম আলোকে জানান, এর আগে হলে শিবিরের কার্যক্রমে জড়িত থাকায় তাঁদের হল থেকে বের করে দেওয়া হয়। গতকাল দুপুরে তাঁরা গোপনে ডাকসুতে বৈঠক করছিলেন। খবর পেয়ে তাঁদের আটক করে পুলিশে দেওয়া হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, পুলিশ ওই শিক্ষার্থীদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কোনো অভিযোগ না থাকায় পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।