শিল্পী বিপুল ভট্টাচার্যকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এক লাখ টাকা অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠশিল্পী বিপুল ভট্টাচার্য ফুসফুসের ক্যানসারে ভুগছেন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় মিরপুরের ডেলটা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর্থিক অসচ্ছলতার কারণে প্রখ্যাত এ কণ্ঠশিল্পীর ভালোভাবে চিকিৎসা হচ্ছে না। তাঁর বয়স মাত্র ৫৭। স্বাধীনতার সময় মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করা এই কণ্ঠশিল্পীকে সহায়তা দিতে এগিয়ে এসেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত ডেলটা হাসপাতালে বিপুল ভট্টাচার্যকে দেখতে যান এবং মুক্তিযোদ্ধা সংসদের তহবিল থেকে তাঁর চিকিৎসার জন্য এক লাখ টাকা অনুদান দেন। এ সময় তাঁর সঙ্গে শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান কুতুব উদ্দীন উপস্থিত ছিলেন। মুক্তযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এ বিষয়ে প্রথম আলোকে জানান, সবার প্রিয় এই শিল্পী আর্থিক অসচ্ছলতার কারণে ভালো কোনো হাসপাতালে অথবা দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারছেন না। তিনি বিপুল ভট্টাচার্যকে সহায়তা করতে বিভিন্ন করপোরেট হাউসসহ সব সচ্ছল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।