আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, শিশু অধিকার সনদ বাস্তবায়নে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। বিভিন্ন অপরাধের অভিযোগে আটক কোনো শিশুকে জেলহাজতে রাখা ঠিক নয়। বয়স্ক ও দাগি আসামিদের সঙ্গে তাদের জেলহাজতে রাখা হলে, তাদের মনস্তাত্ত্বিকতায় আঘাত আসে। এ কারণে বিচারাধীন ও সাজা পাওয়া শিশুদের আটক রাখার বিকল্প জায়গা তৈরির চিন্তা করতে হবে। গতকাল বুধবার সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, শিশু অপরাধসংক্রান্ত মামলার সংখ্যা, অপরাধে জড়িয়ে পড়া শিশুদের স্তর ও সংখ্যা, অপরাধে জড়ানোর কারণসংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান থাকা প্রয়োজন। তিনি জাতিসংঘের শিশু অধিকার সনদ বাস্তবায়নে শিশুদের অপরাধে জড়ানোর কারণগুলো দূর করা এবং শিশুসংক্রান্ত আইনগুলোর সংশোধনের ওপর গুরুত্ব দেন। আইনমন্ত্রী শিশুসংক্রান্ত আইন সংশোধন এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়নে স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে উদ্যোগী ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানান।বাংলাদেশে বিদ্যমান শিশু আইনসংক্রান্ত ‘পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড লেজিসলেটিভ রিফর্ম’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) অর্থায়নে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। চলতি বছরের জুলাই থেকে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি চলবে।কর্মশালায় সভাপতিত্ব করেন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. শহিদুল হক।কর্মশালায় ইউনিসেফের অফিসার ইন চার্জ ইওরলুমুন জে ইউহা, প্রকল্প পরিচালক লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্ম সচিব নাসরিন বেগম বক্তব্য দেন।