সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু আইন ২০১০-এর সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে শিশু আইন ২০১০-এর খসড়ার পর্যালোচনামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী শিশুদের বয়স সুনির্দিষ্ট করা এবং মূল আইনটি সংক্ষিপ্ত আকারে লেখা ও পরে বিধিতে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং লিগ্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (এলইটিআই) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় খসড়া শিশু আইনের বিভিন্ন দিক উপস্থাপন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা বেগম। সভাপতির বক্তব্যে সমাজকল্যাণসচিব কামরুন নেসা খানম বলেন, জাতিসংঘ শিশু অধিকার সনদে ১৮ বছরের নিচে সবাইকে শিশু হিসেবে বিবেচনা করা হয়। তবে দেশে সব ক্ষেত্রে এটি মানা হচ্ছে না। বিভিন্ন আইনে শিশুর বয়স বিভিন্নভাবে ধরা হয়। মূল প্রবন্ধে আইনজীবী তানিয়া আমীর বলেন, শিশুর বয়স সুনির্দিষ্ট না করায় আইনি জটিলতার সৃষ্টি হচ্ছে।কর্মশালায় খসড়া আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ইউনিসেফের শিশু সুরক্ষা বিভাগের প্রধান রোজ-আনে পাপাভেরো প্রমুখ।