শিশু ইকবালের সামনে বাবাকে নির্যাতন করায় নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু ইকবালের সামনে তার বাবা মজিবুরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অমানবিকভাবে নির্যাতন করেন। এর পরদিনই তুরাগ নদে মজিবুরের লাশ পাওয়া যায়। এ ঘটনায় শিশু ইকবালের মানসিক বিকাশ হুমকির মুখে পড়েছে। শুধু ইকবাল নয়, দেশের যে শিশুই এ খবরটি জানতে পেরেছে, তার ওপরই মারাত্মক প্রভাব পড়েছে। জাতীয় প্রেসক্লাবে গত সোমবার বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) নেতারা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। একই সঙ্গে তাঁরা শিশু অধিকার লঙ্ঘনের এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক সালমা আলী। তিনি বলেন, আসামি বিবেচনায় কোনো ব্যক্তিকে নির্যাতন এবং বিচারবহির্ভূতভাবে হত্যা করা মানবাধিকারের চরম লঙ্ঘন। অথচ দেশে এ ধরনের নির্যাতন এমন পর্যায়ে পৌঁছেছে যে, শিশুর সামনেই তা ঘটছে। এ ক্ষেত্রে সরকার বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছে।সালমা আলী এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি ও শিশুটির সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহীন ইসলাম, সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্কের প্রতিনিধি সেলিনা আহমেদ, বিএনডব্লিউএল-এর উপপরিচালক কোহিনূর বেগম, ওয়াহিদা খন্দকার, হাসিনা রশিদ ও বীথিকা মণ্ডল বক্তব্য দেন।