শিশু একাডেমীতে সিসিমপুর মেলায় উপচে পড়া ভিড়
লাল মিয়া মিলনায়তনের প্রবেশপথ খুব ছোট। লাইন ছাড়া এর ভেতর দিয়ে প্রবেশ নিষেধ। কিন্তু গেটের ভেতর থেকে যখন ‘চলছে গাড়ি সিসিমপুরে’ গানটি ভেসে এল, তখন কে কাকে আটকায়। এ উত্তেজনা শুধু বাচ্চাদের মধ্যেই ছিল না, ছিল অভিভাবকদের মধ্যেও।গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে ‘সিসিমপুর মেলা’ উপলক্ষে তৈরি করা এই লাল মিয়া মিলনায়তনের বাইরে ছিল উপচে পড়া ভিড়। ভেতরে হালুম, ইকরি, টুকটুকি ও শিকু সিসিমপুর শোতে কী করছে তা জানতে চাইছিল সবাই। বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুরের ষষ্ঠ বছরে পা দেওয়া উপলক্ষ সামনে রেখে সিসিমপুর মেলা এবং সরকার ও ইউএসএআইডি স্বাক্ষরিত চুক্তির আওতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘সিসিমপুর আউটরিচ’ নামক প্রকল্পের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।অনুষ্ঠানে জানানো হয়, এই প্রকল্পের আওতায় শিশু একাডেমী প্রায় তিন হাজার ২০০ প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহ করার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের জন্য কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এই প্রকল্পে কারিগরি সহায়তা দেবে নিউইয়র্ক-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি পুষ্টিকর খাবার ও বিনোদন জরুরি। সিসিমপুর আউটরিচ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, খাদ্য ও বিনোদনের ব্যবস্থাও করা হবে। দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় ছিল পড়া-খেলা, বায়োস্কোপ, রংচংসং, ইনি, গুণীময়রার প্রয়োজনীয় ভান্ডার, ক্লিকক্লিক, হালকা-ভারী নামক বিভিন্ন স্টল। জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি ও শিকুর সঙ্গে ছবি তোলার সুযোগও ছিল সবার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলইজ, ইউএসএআইডির মিশন চিফ ডেনিস রলিন্স, সিসেমি ওয়ার্কশপের দেশীয় পরিচালক ড্যান ডনোহিউ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল-ইসলাম, সাংসদ আসাদুজ্জামান নূর, শিশু একাডেমীর চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার, পরিচালক ফাল্গুনী হামিদ, সিসিমপুর আউটরিচ প্রকল্পের পরিচালক এ বি এম জাকির হোসাইন প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠান শেষে একাডেমীর প্রশিক্ষণ বিভাগের শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।