শিশু একাডেমীর কুইজ ও স্কুল বিতর্ক উৎসব শুরু আজ
বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে আজ শুক্রবার দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় শিশু-কিশোর কুইজ ও স্কুল বিতর্ক উৎসব। এতে সারা দেশের তিন শতাধিক স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা।
গতকাল একাডেমীর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ উৎসবের কথা জানানো হয়। এতে বলা হয়, শিশুদের মধ্যে মুক্তবুদ্ধিচর্চার আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উৎসবের স্লোগান হচ্ছে ‘মুক্ত জ্ঞানের আলোয় উজ্জ্বল হোক ধরা’ ও ‘যুক্তির শক্তিতে শাণিত শৈশব’। উৎসব আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) ও কুইজার্স বাংলাদেশ। আগামী মে মাস পর্যন্ত এই উৎসব চলবে। উৎসবে সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেবে। ৬৪ জেলার বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে আটটি আঞ্চলিক উৎসব।
সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, বিশ্বায়নের ফলে জ্ঞান-বিজ্ঞানের সব দরজা মানুষের জন্য খোলা। সময়ের সঙ্গে এগিয়ে যেতে হলে নতুন প্রজন্মকে হতে
হবে অত্যন্ত যুক্তিবাদী। বিতর্ক ও কুইজ শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করবে।