শিশু গৃহকর্মীদের অধিকাংশ যৌন নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডিতে কর্মরত ৮৪৯ জন শিশু গৃহকর্মীর ১৭ শতাংশই যৌন নির্যাতনের শিকার। এর মধ্যে ৫২ শতাংশ প্রতিদিনই এ ধরনের নির্যাতন সহ্য করছে। তবে মালিকেরা জানিয়েছেন, মাত্র ১ শতাংশ শিশু যৌন নির্যাতনের শিকার।ঢাকা শহরের গৃহকর্মী শিশুদের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম পরিচালিত গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে।গবেষণায় দেখা যায়, ৮৪৯ জন মালিকের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তাঁদের ৯৯ শতাংশই শিশু অধিকার কাকে বলে তা জানেন। এ ধরনের শ্রম বন্ধ হওয়া উচিত বলে মনে করেন ৫৩ শতাংশ মালিক। অন্যদিকে শিশুদের মাত্র ২ শতাংশ শিশু অধিকার শব্দটির সঙ্গে পরিচিত।গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিশু অধিকার ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এ গবেষণার বিষয়বস্তু উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক এম রেজাউল ইসলাম।গবেষণার ফলাফল জানানোর অনুষ্ঠানে বলা হয়, নগরের তিন এলাকার তিনটি ওয়ার্ডের ৮৪৯টি বাড়িতে এক মাস ধরে এ জরিপ চালানো হয়। এতে গৃহকর্মী ও মালিকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। গবেষণা অনুযায়ী, ছয় থেকে ১৮ বছর বয়সী গৃহকর্মীদের ৮৮ শতাংশই মেয়ে। এই গৃহকর্মীদের কাজ করতে হয় ৯-১০ ঘণ্টা।অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘গৃহকর্মী রাখার বিষয়টি সংস্কৃতিতে পরিণত হয়েছে। প্রায় সবার বাড়িতেই গৃহকর্মী আছে। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আমরাই তাদের নির্যাতন করছি। তাই মনমানসিকতার পরিবর্তন না হলে শুধু গবেষণা করে কোনো লাভ হবে না।’অনুষ্ঠানের উন্মুক্ত পর্বে রেজাউল ইসলাম এ গবেষণার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন। গবেষণাটি নেদারল্যান্ডের টেরে ডেস হোমস নামে একটি সংস্থার আর্থিক সহায়তায় করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ সংস্থার দেশীয় পরিচালক মাহমুদুল কবীর বলেন, এ গবেষণায় পুরো ঢাকা শহরের চিত্র পাওয়া সম্ভব নয়। সামাজিক সচেতনতা বাড়ানো, গৃহশ্রমকে ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করা ও একটি আইন তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। এ গবেষণায় গৃহকর্মীদের বেতন, ঘুমানোর জায়গা, বছরে ছুটি পায় কি না ইত্যাদি বিষয়েও তথ্য দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সহসভাপতি এহছানুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পরিচালক কফিল উদ্দিন।