ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক চুরির পর গতকাল মঙ্গলবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে চুরি হওয়া নবজাতককে আর ফিরে পাননি মা সালমা আক্তার। গতকাল খালি হাতেই বাড়ি ফিরে যেতে হয়েছে তাঁকে।হাসপাতালের একটি সূত্রমতে, তড়িঘড়ি করে সালমা আক্তারকে হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয়। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক চিকিত্সক এম এ সামাদ প্রথম আলোকে বলেন, স্বাভাবিক প্রসবের পর সালমা সুস্থ ছিলেন বলেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।গত সোমবার হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ড থেকে (বেবি কেয়ার ইউনিট, সিজার ওটি ও লেবার রুম) সালমার নবজাতক ছেলে চুরি হয়। গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, ১৭ নম্বর ওয়ার্ডে সালমা যে বিছানায় ছিলেন তা ফাঁকা পড়ে আছে। জানা গেল, সকালে হাসপাতাল ছেড়ে চলে গেছেন সালমা। নবজাতক চুরির ঘটনায় হাসপাতালের মাতৃত্বসংক্রান্ত কারণে ভর্তি হওয়া অন্য রোগী ও তাঁদের আত্মীয়স্বজনের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে অবস্থানকালে এ প্রতিবেদককে একাধিক মা জানান, তাঁরা তাঁদের নবজাতককে নিয়ে দুশ্চিন্তায় আছেন। হাসপাতালে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের নারী নিরাপত্তাকর্মীদের গতকাল কঠোরভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তল্লাশি করা হয়েছে চাদর গায়ে দেওয়া রোগীর নারী আত্মীয়স্বজনকে। রোগীর পুরুষ আত্মীয়দের বলতে গেলে ঢুকতেই দেওয়া হয়নি।১৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত নিরাপত্তাকর্মী আফসানা জানান, দুটি বেসরকারি কোম্পানির নারী নিরাপত্তাকর্মীরা ২৪ ঘণ্টায় গেটে অবস্থান করেন। ওয়ার্ডের ভেতরেই নবজাতকদের পরিচর্যাকেন্দ্রটি অবস্থিত। তাই সাধারণত কোনো বাচ্চাকে বাইরে নেওয়ার প্রয়োজন হয় না। প্রয়োজনে বাইরে বের করতে হলেও চিকিত্সকের পরামর্শ দেওয়া কাগজ দেখা হয়। বাচ্চা মারা গেলেও ছাড়পত্র দেখা হয়।তাহলে ঘটনা ঘটল কীভাবে—এ ধরনের প্রশ্নে আফসানাসহ একাধিক নিরাপত্তাকর্মী দাবি করেন, চুরির পেছনে বাচ্চার মায়ের হাত থাকতে পারে। কেননা, রোগী নিজেই অপরিচিত এক নারীকে নিজের বিছানায় ঘুমাতে দিয়ে আত্মীয় বলে পরিচয় দেন।আরেকজন নিরাপত্তাকর্মী আসমা বলেন, ‘সোমবার সকাল আটটারও আগে রোগী সালমা আক্তার সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। যখন জানতে চাইলাম কোথায় যাচ্ছেন, তখন তিনি জানালেন, এক নারী তাঁর বাচ্চাকে রোদে নিয়ে যাবেন বলে নিয়ে এসেছেন, সেই নারীকে খুঁজতে যাচ্ছেন। তারপর সালমা কাউকে কিছু না বলে জরুরি বিভাগে অবস্থান করা পুলিশের কাছে গিয়ে কান্নাকাটি করে শিশু চুরি হওয়ার কথা জানান।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক এম এ সামাদ বলেন, নিরাপত্তাকর্মী থাকার পরও নবজাতক চুরির ঘটনা ঘটেছে। এর মানে নিরাপত্তাকর্মীরা ঠিকভাবে দায়িত্ব পালন করেননি। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, হাসপাতালের পক্ষ থেকে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুটি বেসরকারি কোম্পানিকে হাসপাতালের পক্ষ থেকে লিখিত চিঠি পাঠানো হবে বলে তিনি জানান।