শিশু ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীর কাজলা উত্তরপাড়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নাজিম উদ্দিন (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাঁকে আটক করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির স্বজনেরা অভিযোগ করেন, শিশুটি তাঁর মা-বাবার সঙ্গে উত্তরপাড়ায় নাজিম উদ্দিনদের বাড়িতে ভাড়া থাকে। গতকাল দুপুরে সে বাড়ির পাশের একটি মাঠে খেলছিল। পরে নাজিম উদ্দিন শিশুটিকে ডেকে তাঁর ঘরে নিয়ে যান ও ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে তার মা-বাবা নাজিম উদ্দিনের ঘরে যান ও মেয়েকে উদ্ধার করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ নাজিম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় এবং শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, নাজিম উদ্দিন অবিবাহিত। বেশ কিছুদিন দেশের বাইরে থাকার পর সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।  যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, চিকিৎসক ধর্ষণের আলামত পাননি। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।