গণমাধ্যমে শিশু নির্যাতনের ঘটনা প্রকাশের পর সেখানে যথাযথ ফলোআপ থাকে না। ফলে নির্যাতিত শিশুদের ভাগ্যে কী ঘটল, তা আর জানার উপায় থাকে না। এ কারণে এ ধরনের খবরের ফলোআপ থাকা প্রয়োজন। আন্তর্জাতিক সাদা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ‘এই আমাদের জীবন’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনটি তৈরি করেছে ‘ইচ্ছে মিডিয়া’র শিশুরা। এতে সহযোগিতা করেছে সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্ক। জাতীয় প্রেসক্লাবে শিশুরাই এ প্রতিবেদনের মোড়ক উন্মোচন করে। এ সময় সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্কের বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক বিরগিত লুন্ডবাক ও উপপরিচালক শামসুল আলম উপস্থিত ছিলেন। শিশুদের নির্যাতনমুক্ত রাখার প্রতীক হিসেবে আন্তর্জাতিকভাবে জুলাই মাসের ১ তারিখকে সাদা দিবস হিসেবে পালন করা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশে ১০২১ জন শিশু মানসিক নির্যাতন, ৬৪৬ জন হত্যা, ২৮৮ জন ধর্ষণ, ৩২৪ জন অপহরণ, ২৭৫ জন শারীরিক নির্যাতন ও ৫৬ জন শিশু বাল্যবিবাহের শিকার হয়েছে।অনুষ্ঠানে বিরগিত লুন্ডবাক বলেন, শিশুরা পাচার, হত্যা, অপহরণসহ বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে। তিনি তাদের জীবন নিরাপদ রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহত বা নির্যাতনের শিকার শিশুর ছবি গণমাধ্যমে প্রকাশ করলে তা অন্য শিশুদের মনে প্রভাব ফেলে। অনুষ্ঠানে জানানো হয়েছে, ২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে ইচ্ছে মিডিয়ার শিশুদের একটি দল সংবাদপত্রে প্রকাশিত শিশু নির্যাতনবিষয়ক খবরগুলো ক্লিপিং করছে। তারা প্রতি ছয় মাস পর পর একটি প্রতিবেদন প্রকাশ করে।