শিশুটি বাবা ডাকতে শুরু করেছিল
সুজনের মেয়েটি সবে বাবা ডাকতে শুরু করেছিল। ভাঙা ভাঙা শব্দে। তার বয়স নয় মাস। বিকেলেও মেয়ের মুখে বাবা ডাক শুনে দোকানে গিয়েছিলেন সুজন। সন্ধ্যায় তিনি স্ত্রীকে হারিয়েছেন, মেয়েকে হারিয়েছেন।
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেটে রোববার ভয়াবহ বিস্ফোরণে যে ছয়জনের মৃত্যু হয়, তার মধ্যে রয়েছেন সুজনের স্ত্রী জান্নাত (২৩) ও সন্তান সুবহানা। এ ছাড়া আহত হয়েছে তাঁর শ্যালক রাব্বি (১২)।
সুজন ঢাকার মগবাজারে রমনা ফার্মেসিতে কাজ করেন। ফার্মেসি থেকে একটু দূরেই সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায়, সুজন জরুরি বিভাগের সামনে আহাজারি করছেন। তিনি শুরুতে গিয়েছিলেন মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গিয়ে মেয়ে সুবহানার লাশ পান। হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়ের লাশ হাসপাতালে রেখেই সুজন ছোটেন স্ত্রীর খোঁজে। তাঁর লাশ পান ঢাকা মেডিকেলে।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে মেঝেতে লুটিয়ে আহাজারি করতে করতে সুজন বারবার বলছিলেন, ‘আমার সব শেষ, আর কিছু রইল না। আমার আর বেঁচে থেকে কী হবে।’
স্বজনেরা জানান, সুজন স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন বড় মগবাজার এলাকায়। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। কয়েক দিন আগে তাঁর শ্যালক রাব্বি বাসায় বেড়াতে আসে। গতকাল বিকেলে স্ত্রী জান্নাত তাঁর ভাইকে নিয়ে মগবাজারে শরমা হাউসে খেতে যাওয়ার কথা বলেন। এ জন্য সবুজের কাছ থেকে টাকাও নেন।
সন্ধ্যার পর জান্নাত তাঁর মেয়ে ও ভাইকে নিয়ে শরমা হাউসে গিয়েছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই সুবহানার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জান্নাত। তাঁর ভাই রাব্বি গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
মগবাজারে বিস্ফোরণের পর আহত ব্যক্তিদের অধিকাংশকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে গিয়ে দেখা যায়, আহত ব্যক্তিদের স্বজনেরা এদিক–ওদিক ছোটাছুটি করছেন। কেউ আহাজারি করছেন, কেউ বিলাপ করছেন।
বিস্ফোরণে আহত ইমরান হোসেন নামের এক তরুণকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতালটির সামনে ইমরানের স্ত্রী তামান্না আক্তার ও তাঁর বোন আইরিন সুলতানা ছোটাছুটি করছিলেন। তাঁরা কী করবেন, কিছুই বুঝতে পারছেন না।
ইমরানের স্ত্রী জানান, ইমরান বেঙ্গল মিট নামের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। তিন বছর আগে তিনি বিয়ে করেন। ইমরানের বোন আইরিন বারবার বলছিলেন, ‘একটিবার আমার ভাইকে দেখতে দেন।’