শিশু-বৃদ্ধসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলো শিশু রফিকুল ইসলাম (৬) ও কাঁচামাল ব্যবসায়ী বিল্লাল হোসেন (৫০)। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার এসব অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে গত সোমবারও ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। পুলিশ ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, শিশু রফিকুল ইসলাম মা-বাবার সঙ্গে আগারগাঁওয়ের বিএনপি বাজার হানিফের বস্তিতে থাকত। গত সোমবার দুপুরের খাবার খাওয়ার পর শিশু রফিকুল নিখোঁজ হয়। মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় একটি ডোবায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে। স্বজনেরা লাশটি শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। রফিকুল ইসলামের মামাতো ভাই আমিরুল ইসলাম জানান, রফিকুল সাঁতার জানত না। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তার বাবা জুলহাস মিয়া রিকশাচালক।গতকাল মঙ্গলবার ভোরে বেপরোয়া গতির একটি ট্রাক খিলগাঁও উড়ালসড়কের নিচে কাঁচামাল ব্যবসায়ী বিল্লালের ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়ে আহত হন। টহল পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনেরা জানান, বিল্লাল গোড়ানে থাকতেন। গতকাল ভোরে ভ্যান চালিয়ে কাপ্তানবাজারে কাঁচামাল আনতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়। তাঁর বাবার নাম হাফিজউদ্দিন মোল্লা।গতকাল বিকেলে ঢাকা রেলওয়ে থানার পুলিশ কমলাপুর রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তাঁর পরনে নীল চেক লুঙ্গি রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাঁর বয়স আনুমানিক ৪২ বছর বলে পুলিশ জানিয়েছে।গতকাল সকালে পুলিশ উত্তরা থানার কসাইবাড়ি বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাতনামা একজন বৃদ্ধকে অচেতন অবস্থায় উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পরনে ঘিয়ে পাঞ্জাবি ও চেক লুঙ্গি ছিল। উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাঁর বয়স আনুমানিক ৭০ বছর হতে পারে।গতকাল বিকেলে পুলিশ শাহবাগের রাস্তার পাশ থেকে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার এসআই নাজির হোসেন জানান, মৃত যুবকের শরীরে আঘাতের চিহ্ন নেই। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।