শিশু সাইদুল হত্যার রায় ১ জনের ফাঁসি, খালাস ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান থানার বাসিন্দা বাবুল মিয়ার সাত বছরের ছেলে সাইদুল ইসলামকে অপহরণ করে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক এ কে এম মাহবুবুল হক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন খালেদ হাসান জাকির। অপর দুই আসামি শামীম ও বাবুলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়।মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৮ এপ্রিল শিশু সাইদুল ইসলাম ঝালমুড়ি কেনার জন্য বাসা থেকে বের হওয়ার পর আসামিরা তাকে অপহরণ করে নিয়ে যান। আসামিরা পরে নিহত সাইদুলের বোন পারভীন আক্তারকে মোবাইলে ফোন করে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন। মুক্তিপণের টাকা টঙ্গী সিনেমা হলের কাছে নিয়ে যেতে বলেন। বিষয়টি পরিবারের পক্ষ থেকে র্যাবকে জানানো হয়। র্যাব ঘটনার দিন ওত পেতে থেকে মুক্তিপণের টাকা দেওয়ার সময় আসামিদের গ্রেপ্তার করে। পরে আসামিরা সাইদুলকে হত্যা করার কথা স্বীকার করেন এবং তাঁদের দেখানো জায়গা থেকে সাইদুল ইসলামের লাশ সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টারের পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দক্ষিণখান থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত করে ২০০৭ সালের ৩০ জুন অভিযোগপত্র দেয়। আদালত ১২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন।