শিশু সামিউল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
রাজধানীর আদাবরে শিশু সামিউল ওরফে আজিম হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার নিহত সামিউলের বাবা এ কে আজম আদালতে সাক্ষ্য দেন। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক জেসমিন আনোয়ার সাক্ষ্য গ্রহণ করেন। আদালত আগামী ৯ এপ্রিল বাদীর বাকি সাক্ষ্য ও জেরার দিন ধার্য করেন। গত ১ ফেব্রুয়ারি সামিউলের মা আয়শা হুমায়রা ও মায়ের কথিত প্রেমিক শামছুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। গতকাল দুজনই আদালতে উপস্থিত ছিলেন। গতকাল সামিউলের বাবা আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি কথা বলতে পারছিলেন না। আদালত সাক্ষ্য অসমাপ্ত রেখে পরবর্তী তারিখ ধার্য করেন।পাঁচ বছর বয়সী সামিউলকে ২০১০ সালের ২৩ জুন রাতে হত্যা করা হয়। পরদিন রাজধানীর মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিংয়ের এ-ব্লকের ৯ নম্বর সড়কের একটি ফাঁকা জায়গা থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন সামিউলের বাবা এ কে আজম আদাবর থানায় হত্যা ও লাশ গুমের অভিযোগে এ মামলা করেন। সামিউল মোহাম্মদপুর শিয়া মসজিদসংলগ্ন গ্রিন উডস স্কুলে নার্সারিতে পড়ত।পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সামিউলের মা আয়শা হুমায়রাকে গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে আয়শা বলেন, তাঁর প্রেমিক শিশুটিকে খুন করে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।এ মামলায় পুলিশ অন্য দুই ব্যক্তি নাদিরা জামান ও নুরুজ্জামানকে গ্রেপ্তার করে। গত বছর ২ নভেম্বর সামিউলের মা ও কথিত প্রেমিকের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। নাদিরা ও নুরুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ না থাকায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়।