শিশু সামিউল হত্যার রায় ঘোষণা পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

রাজধানীর আদাবরে শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি (৫) হত্যা মামলার রায় ঘোষণার দিন পিছিয়েছে। ২০ ডিসেম্বর মামলার রায় ঘোষণার নতুন তারিখ ঠিক করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক শেখ নাজমুল আলম আজ মঙ্গলবার রায় ঘোষণার দিনটি ঠিক করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি (পিপি) ফারুকুজ্জামান ভূঁইয়া জানান, সামিউল হত্যা মামলার অভিযুক্ত আসামি দুজন। তাঁরা হলেন শিশু সামিউলের মা আয়েশা হুমায়রা ওরফে এশা (২৫) এবং তাঁর কথিত প্রেমিক শামসুজ্জামান বাক্কু (৩৮)। আসামি হুমায়রা আদালত থেকে জামিন নিয়ে পলাতক। অপর আসামি শামসুজ্জামান হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষ থেকে দুই আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। গত ২৩ নভেম্বর এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়।

মামলার কাগজপত্রের তথ্যানুযায়ী, মায়ের সঙ্গে আরেকজনের সম্পর্ক দেখে ফেলায় ২০১০ সালের ২৩ জুন সামিউলকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় সামিউলের বাবা কে আর আজম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করে পরের বছর ২৫ অক্টোবর হুমায়রা ও শামসুজ্জামানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১২ সালের ১ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে ২২ সাক্ষীকে আদালতে হাজির করা হয়।