শিশু সুরক্ষায় দরকার সমন্বিত উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড ভিশন ও প্রথম আলোর যৌথ উদ্যোগে ‘শিশু সুরক্ষায় ব্যক্তিমালিকানাধীন খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয় l প্রথম আলো
ওয়ার্ল্ড ভিশন ও প্রথম আলোর যৌথ উদ্যোগে ‘শিশু সুরক্ষায় ব্যক্তিমালিকানাধীন খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয় l প্রথম আলো

শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পালন করার নির্দেশ দিতে পারে সরকার। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যম যেভাবে কাজ করেছে, অন্যান্য ক্ষেত্রেও তা অনুকরণীয় হতে পারে।
গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন আলোচকেরা। ‘শিশু সুরক্ষায় ব্যক্তিমালিকানাধীন খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকটির আয়োজক প্রথম আলো। সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
আলোচকেরা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আইন ও নীতি গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আইনের বাস্তবায়ন না হওয়া এবং আইন ভঙ্গকারীদের ক্ষেত্রবিশেষে উৎসাহ দেওয়ায় সরকারের সমালোচনা করেন।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘উন্মুক্ত স্থান রক্ষায় একটি যুগান্তকারী আইন রয়েছে। কিন্তু আইন অমান্য করে ধানমন্ডি খেলার মাঠ যখন দখল করা হলো, তখন উল্টো মাঠ রক্ষাকারীদের বিরুদ্ধে পরোয়ানা জারি হলো। তাহলে শিশুরা খেলবে কোথায়?’ তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো শিশু সুরক্ষায় যে কাজ করে, তা সমন্বয়ের জন্য একটি ক্লাব গঠন করা যেতে পারে।
অ্যাপোলো হাসপাতালের মহাব্যবস্থাপক শাগুফা আনোয়ার বলেন, একেকটি কাজ করার ক্ষেত্রে বেসরকারি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করতে পারে সরকার। জাতীয় টিকা দিবসে অ্যাপোলো হাসপাতালেও সব শিশুকে বিনা মূল্যে টিকা দেওয়া হয় সরকারি নির্দেশনার কারণে। তিনি আরও বলেন, তাঁর হাসপাতালে যদিও কখনো নবজাতক চুরি যায়নি, তবু শিশু চুরি ঠেকাতে পিংক কোড চালু আছে। কখনো শিশু চুরি হলে সংশ্লিষ্ট সব ইউনিটে সংকেত চলে যাবে এবং একটি দল তখনই কাজে নেমে পড়বে। এ ব্যবস্থা চালু করতে বড় সরকারি হাসপাতালগুলো বেসরকারি হাসপাতালের সহযোগিতা নিতে পারে।
আলোচকেরা স্বাস্থ্য-শিক্ষা খাতে সব শিশুর সমানাধিকার নিশ্চিতে কাজ করার ব্যাপারে মতৈক্যে পৌঁছান। বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী ও সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যম শিশুদের সঙ্গে আছে। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যদি শিশু সুরক্ষায় এগিয়ে আসে, নিশ্চিতভাবেই গণমাধ্যমের সহযোগিতা পাবে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি শহিদ উল্লাহ আজিম বলেন, একটা সময় সত্যি সত্যিই ক্রেতাদের দেখানোর জন্য কিছু কারখানায় শর্ত মানা হতো। এখন পোশাকশিল্প পুরোপুরি শিশুশ্রমমুক্ত। শিশুদের শিক্ষা ও পরিবারের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করা হয়। কোথাও শিশু শ্রমিক আছে প্রমাণ পেলে অভিযুক্ত কারাখানা বিজিএমইএর সমর্থন পায় না। জরিমানা হয় ডলারে।
বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হাসিনা নেওয়াজ বলেন, তিনি তাঁর প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের শিশুদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। কারও দিকে তাকিয়ে না থেকে, আগে নিজেকে শুরু করতে হবে।
ওয়ার্ল্ড ভিশনের গ্রুপ ডিরেক্টর স্টিফেন হালদার বলেন, বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল পরিচালনা করে তাঁরা শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছেন।
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি রাফেজ আলম চৌধুরী বলেন, সংগঠন হিসেবে বিজিএপিএমইএ বিজিএমইএর মতোই কমপ্লায়েন্সের শর্ত মেনে চলে। তিনি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কনসার্ট ও অন্যান্য বড়বড় অনুষ্ঠান করে থাকে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজিত অনুষ্ঠানেও তাদের সমর্থন দরকার।
গ্রামীণফোনের সামাজিক দায়বদ্ধতা কর্মসূিচর প্রধান দেবাশিষ রায় জানান, তাঁরা ইন্টারনেটের মাধ্যমে দুর্গম এলাকার শিশুদের জন্য পাঁচটি স্কুল চালাচ্ছেন, এ বছরের শেষে আরও পাঁচটি চালু হবে। এসব স্কুলে ঢাকা থেকে ইন্টারনেটের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা রয়েছে। ইন্টারনেটের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে শিশু-কিশোরদের জানানোর উদ্যোগও গ্রামীণফোন নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জীশান কিংশুক হক বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সবচেয়ে বেশি ঋণ দিয়ে থাকে ব্র্যাক ব্যাংক। ঋণ দেওয়ার সময় শিশুশ্রমকে নিরুৎসাহিত করা হয়। প্রথম আলোর সঙ্গে ব্যাংকটি দরিদ্র অদম্য মেধাবী ছাত্রদের বৃত্তি দিয়ে থাকে বলেও জানান তিনি।
বাংলালিংকের হেড অব বিটিএল অ্যান্ড সিএসআর ও পিআর অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার ইফতেখার আজম বলেন, একেকটি প্রতিষ্ঠান একেকটি গ্রামের দায়িত্ব নিতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশে মুঠোফোনের গ্রাহকসংখ্যা ১২ কোটি। মুঠোফোনকে শিশু সুরক্ষায় কার্যকরভাবে ব্যবহার করা যায়। সব কটি অপারেটর একটি হেলপলাইন চালু করতে পারে শিশুদের জন্য। সরকারকে নিশ্চয়তা দিতে হবে, হেলপলাইনে সাহায্য চাওয়ামাত্র সরকার সহযোগিতা করবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের গ্রুপ চিফ কমিউনিকেশন অফিসার মো. সামি আল হাফিজ জানান, তাঁদের ব্যাংক চর পাতিলায় শিশুদের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নিয়েছে। ওই চরে এমনকি সম্প্রসারিত টিকাদান কর্মসূিচও ঠিকমতো কাজ করছে না বলে তিনি জানান।
ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কো. বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ বলেন, যাঁরা শিশুদের জন্য বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করেন, তাঁদের সতর্কভাবে বিজ্ঞাপন প্রচার করতে হবে। বিজ্ঞাপনে অশ্লীলতা, বৈষম্য, অতিরঞ্জিত তথ্য যেন দেওয়া না হয়, সেদিকে নজর রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, সামাজিক দায়বদ্ধতার জন্য ব্যয়িত টাকার ওপর তাঁদের ৪২ দশমিক ৫ শতাংশ হারে কর দিতে হয়। ফলে অনেক কিছু করার থাকলেও অনেকেই সেভাবে এগিয়ে আসতে পারছেন না।
ওয়ার্ল্ড ভিশনের অ্যাডভোকেসি ডিরেক্টর চন্দন জেড গোমেজ বলেন, বাল্যবিবাহ, অপুষ্টি, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধের জন্য বাংলাদেশকে আরও উদ্যোগী হতে হবে।
বৈঠকের শুরুতেই ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশের ব্যবস্থাপক সাবিরা নূপুর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ভিশনের একটি জরিপের সূত্র ধরে তিনি বলেন, জনপ্রিয় প্রতিষ্ঠানের পণ্য এক দিনে বহু মানুষের কাছে পৌঁছায়। তাই পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সুরক্ষার বার্তা পৌঁছানো সম্ভব। উদাহরণ হিসেবে তিনি বাল্যবিবাহবিরোধী বার্তার প্রসঙ্গ টানেন। বলেন, বিয়ের বয়স কমানো হলে বাংলাদেশে শিশু সুরক্ষার সমস্যা আরও বাড়বে।