শিশু সুরক্ষার তথ্য নিয়ে জীবনতথ্য-বাংলাদেশ সংস্করণের প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরোধযোগ্য রোগে বিশ্বে প্রতিবছর প্রায় এক কোটি শিশু মারা যায়। ইউনিসেফের তথ্য অনুসারে ২০০৮ সালে এসব রোগে শিশুমৃত্যুর সংখ্যা ছিল প্রায় ৯০ লাখ। এ ছাড়া প্রায় প্রতিবছরই বিপুলসংখ্যক শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়। অথচ বাবা-মা, পরিবার-পরিজনের কাছে সাধারণ কিছু তথ্য পৌঁছানো গেলে এসব মৃত্যু প্রতিহত করা যেত। এই ভাবনা থেকেই জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে গতকাল সোমবার প্রকাশিত হয়েছে জীবনতথ্য-বাংলাদেশ সংস্করণ। জাতীয় প্রেসক্লাবে বইটির প্রকাশনা অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে দেশের সর্বত্র বইটি ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি বলেন, জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতালগুলোর পাশাপাশি প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জীবনতথ্য-বাংলাদেশ সংস্করণ সরবরাহ করা দরকার।ইউনিসেফের উপ-আবাসিক প্রতিনিধি মিশেল সেন্ট লট বলেন, ইউনিসেফ ও এর উন্নয়ন-সহযোগীরা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে দীর্ঘকাল স্বল্পব্যয়ে শিশু সুরক্ষার কিছু পদ্ধতির অনুশীলন করেছেন। এ থেকে ভালো ফলও পাওয়া গেছে। বইটি প্রকাশের উদ্দেশ্য এসব পদ্ধতি সহজ ভাষায় সাধারণের কাছে পৌঁছে দেওয়া। বইটিতে সন্তান নেওয়ার সঠিক সময়, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য, শিশুর বিকাশ ও প্রারম্ভিক শিক্ষা, মায়ের দুধ খাওয়ানো, পুষ্টি ও বৃদ্ধি, টিকাদান, ডায়রিয়া, সর্দি-কাশি, ঠান্ডা এবং অন্যান্য গুরুতর অসুখ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ম্যালেরিয়া, এইচআইভি, শিশু সুরক্ষা, আঘাত প্রতিরোধ, দুর্যোগ ও জরুরি পরিস্থিতি ও খাবার পানিতে আর্সেনিক থাকলে কী করণীয়, সে সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে।অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিসেফের প্যাট্রিসিয়া পোর্টেলা ডি সুজা, শামসুদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, ইউনিসেফের শুভেচ্ছা দূত ও ক্রীড়াবিদ জোবেরা রহমান প্রমুখ।