শিশু–কিশোরদের আন্দোলন নিয়ে দুই চ্যালেঞ্জ দেখছে পুলিশ
বাসে অর্ধেক ভাড়া (হাফ পাস) চালু ও নিরাপদ সড়কের দাবিতে শিশু-কিশোরদের আন্দোলনের সুযোগ অন্য কেউ নেওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। পুলিশের একাধিক সূত্র বলছে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনকে অন্য খাতে নেওয়ার চেষ্টা ছিল। সেই সম্ভাবনা এবারেও উড়িয়ে দেওয়া যায় না।
তা ছাড়া আন্দোলনরত ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন পুলিশ। দ্রুত সমস্যার সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করে তারা।
আজ রোববার ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে এসব খবর। বাসে অর্ধেক ভাড়া চালু ও নিরাপদ সড়কের দাবিতে আগামীকাল সোমবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আজ দুপুরের পর ছাত্রছাত্রীরা রাস্তা ছেড়ে দেয়। গত কয়েক দিনের মতো আজও তারা রাস্তায় নামে ও বিভিন্ন স্লোগান দেয়। তারা যানবাহন থামিয়ে কাগজপত্রও পরীক্ষা করেছে। ১১ দিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশ করছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায় প্রথম আলোকে বলেন, ‘দুটো জায়গায় আমরা চ্যালেঞ্জ অনুভব করছি। প্রথমত, শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। দ্বিতীয়ত, ছাত্রছাত্রীরা যথেষ্ট পরিণত নয়। এই আন্দোলনকে সুযোগ হিসেবে কেউ নিতে পারে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে সর্বোচ্চ সহানুভূতির সঙ্গে দেখার নির্দেশ দেওয়া হয়েছে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের।
পুলিশ কর্মকর্তারা বলছিলেন, তাঁদের জন্য এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কিছুটা কঠিন। তাঁদেরও এই বয়সী ছেলেমেয়ে আছে, তারাও এসব শিক্ষাপ্রতিষ্ঠানেরই ছাত্রছাত্রী।
ওয়ারীর উপকমিশনার শাহ ইফতেখার উদ্দীন প্রথম আলোকে বলেন, স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের আবেগ বেশি। তারা ঝুঁকি নিয়ে যানবাহনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে কাগজপত্র দেখছে। অ্যাম্বুলেন্স এলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ করে দিতে একসঙ্গে অনেকে ছোটাছুটি করছে। এই কাজ করতে গিয়ে তারা আবার দুর্ঘটনার শিকার হয় কি না, তা নিশ্চিত করতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
মাঠে কর্মরত পুলিশ কর্মকর্তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শ্রমিক বা রাজনৈতিক দলের আন্দোলন নিয়ন্ত্রণের একটা ধরন আছে। এসব জায়গায় পুলিশ বলপ্রয়োগ ছাড়াও আরও কিছু পদ্ধতি কাজে লাগায়। পুলিশ অনানুষ্ঠানিকভাবে নেতৃস্থানীয়দের সঙ্গে যোগাযোগ রাখে। মিটিং-মিছিলের আগে আলাপ-আলোচনা হয়। যানজটের কথা মাথা রেখে ঠিক করা হয় মিছিল কত দূর পর্যন্ত যাবে, কোথায় থামানো হবে। শিশু-কিশোরদের এই আন্দোলনের কোনো নেতা নেই, তাদের আন্দোলনও পরিকল্পিত নয়। তা ছাড়া অপরিণত হওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করেও খুব একটা কাজ হচ্ছে না। নেতা না থাকার কারণেই আন্দোলন বেহাত হওয়ারও একটা আশঙ্কা থাকে।
তেজগাঁওয়ের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘ছাত্রছাত্রীরা অর্ধেক ভাড়ার দাবিতে যে আন্দোলন করছে, সে সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন, আমরাও তা–ই মনে করি। তাদের দাবি নিয়ে সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছে।’
কিন্তু দুটো বিষয় নিয়ে তাঁরা চিন্তিত বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এক. রাস্তা বন্ধ করে আন্দোলনের কারণে যানজটে অনেকে কষ্ট পাচ্ছেন। দুই. সুযোগসন্ধানী কেউ এই আন্দোলনে ঢুকে ছাত্রছাত্রীদের বিপদে ফেলতে পারে।
উদাহরণ হিসেবে বিপ্লব কুমার সরকার আজ ঘটে যাওয়া একটি ঘটনার উল্লেখ করেন। সন্ধ্যায় তাঁরা হলি ক্রস কলেজের একজন ছাত্রী ও তার বাবাকে থানায় ডেকে কথা বলেছেন। ছাত্রীর আশপাশে গতকাল থেকে এক ব্যক্তিকে ঘুরঘুর করতে দেখা যায়। ওই ব্যক্তি ছাত্রছাত্রীদের পানি খাওয়াতে চান এবং একপর্যায়ে হলি ক্রস কলেজের ওই শিক্ষার্থীর বিকাশ নম্বর চান। ব্যক্তিটির কর্মকাণ্ড পুলিশ অনুসরণ করছিল। আজ তাঁকে ডেকে কথা বলার সময় ছাত্রছাত্রীরা জানায়, তারা এই ব্যক্তিকে চেনে না। তিনি আন্দোলনরত ছাত্রছাত্রীদের অংশ নন।
জিজ্ঞাসাবাদে ব্যক্তিটি একেকবার একেক কথা বলেন। তাঁর পকেট থেকে তিনটি ২০ টাকার জাল নোট ও কিছু ঘুমের ইনজেকশন পাওয়া গেছে। তিনি নিজেকে সাভার থেকে আসা চিকিৎসক বলে দাবি করেছেন। তাঁর নাম হাফিজুর বলেও জানিয়েছেন পুলিশকে।
বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, হলি ক্রস কলেজের ওই শিক্ষার্থীকে বিপদে ফেলতে ‘হাফিজুর’ বিকাশ নম্বর চেয়েছেন বলে তাঁরা ধারণা করছেন। এ সম্পর্কেই তাঁদের থানায় ডাকা হয়েছে।
জিজ্ঞাসাবাদে ব্যক্তিটি একেকবার একেক কথা বলেন। তাঁর পকেট থেকে তিনটি ২০ টাকার জাল নোট ও কিছু ঘুমের ইনজেকশন পাওয়া গেছে।
নাম না প্রকাশ করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের শেষটা ভালো হয়নি। সুযোগসন্ধানীরা আওয়ামী লীগ অফিসের ভেতর ধর্ষণের ঘটনা ঘটেছে, এমন অপপ্রচার চালায়। আন্দোলনরত ছাত্রছাত্রীরা একপর্যায়ে আওয়ামী লীগ অফিসের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। সেদিন আওয়ামী লীগ অফিস পর্যন্ত ছাত্রছাত্রীরা পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ত। পুলিশ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চার ধরনের কাজ করছে পুলিশ
সড়ক দুর্ঘটনা ঘটলেই আসামি গ্রেপ্তারে সবচেয়ে বেশি জোর দিচ্ছে পুলিশ। এর বাইরে আন্দোলন নিয়ন্ত্রণে তিনটি বিষয়ে কাজ করছে পুলিশ। নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান ময়লার গাড়ির চাপায় নিহত হওয়ার পর ছাত্ররা গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারে নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কর্মকর্তারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। শিক্ষকদের নির্দেশে পরে গুলিস্তান ছেড়ে যায় ছাত্ররা। এবারকার আন্দোলনে শিক্ষকদের সঙ্গে পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
তা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিবিড় নজরদারি চলছে। বাসে অর্ধেক ভাড়া নিশ্চিত করার দায়িত্ব যে যে সংস্থার ওপর, তাদের সঙ্গেও পুলিশ যোগাযোগ রাখছে। সূত্রগুলো বলছে, পুলিশ ছাড়াও মাঠে বিভিন্ন সংস্থা তৎপর আছে। তারা নিয়মিত সরকারকে বিভিন্ন হালনাগাদ তথ্য দিচ্ছে।