শিশুকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী শিশুকে বুকের দুধ খাওয়ানোর প্রবণতা বা ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ (ডব্লিউবিটিআই) পর্যালোচনায় দেখা গেছে, শিশুকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশ বড় একধাপ এগিয়েছে। হলুদ রং থেকে বাংলাদেশ এখন নীল রঙের দেশগুলোর তালিকায়। লক্ষ্য সবুজ রঙের তালিকায় জায়গা করে নেওয়া।মঙ্গলবার আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশের সাসাকাওয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পর্যালোচনা ফলাফল উপস্থাপন করা হয়। বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) ও অন্যান্য সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। ডব্লিউবিটিআই পর্যালোচনায় শিশুর খাবারের অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পেয়েছে ১১০ দশমিক ৫ নম্বর। ২০০৮ ও ২০০৫ সালে পেয়েছিল যথাক্রমে ৮৭ ও ৯০ দশমিক ৫ নম্বর।পর্যালোচনায় ১৩৬ থেকে ১৫০ নম্বর সবুজ রং নির্দেশ করে। ৯১ থেকে ১৩৫ নম্বর নীল, ৪৬ থেকে ৯০ হলুদ এবং ০ থেকে ৪৫ নম্বর লাল রং নির্দেশ করে।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুহম্মদ হুমায়ুন কবির বলেন, সবুজ রঙে পৌঁছানো কঠিন, তবে চেষ্টা অব্যাহত রাখতে হবে। আর বর্তমানের অর্জন ধরে রাখার জন্যও সচেষ্ট থাকতে হবে। অনুষ্ঠানের সভাপতি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক এখলাছুর রহমান শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য সরকারের শিশুবান্ধব হাসপাতাল উদ্যোগসহ বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা করেন।পর্যালোচনা প্রতিবেদন নিয়ে আলোচনায় বিবিএফের চেয়ারপারসন এস কে রায় বলেন, সরকার মাতৃত্বকালীন ছুটি করেছে ছয় মাস। তবে এ সুবিধা পাচ্ছে শুধু সরকারি কর্মজীবী নারীরা। নীতি বাস্তবায়ন, বিভিন্ন কাজের মধ্যে সমন্বয়ের অভাব এবং প্রশিক্ষণ ও নজরদারির অভাবও এ ধরনের পর্যালোচনায় প্রভাব ফেলে। বিশিষ্ট শিশু পুষ্টিবিদ অধ্যাপক এম কিউ কে তালুকদার বলেন, কোরআন শরিফ ও বাইবেলে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। শিশুদের এই পাওনা মেটানো সবার দায়িত্ব। অনুষ্ঠানে জানানো হয়, নীতি ও কর্মসূচির সমন্বয়, শিশুবান্ধব হাসপাতাল উদ্যোগ, মাতৃত্বকালীন সুরক্ষা, মা সহায়ক দল, শিশুখাদ্য ও এইচআইভি, জরুরি অবস্থায় শিশুখাদ্যের নীতি ও কর্মসূচি, জন্মের পর থেকে দুই বছর পর্যন্ত বুকের দুধ ও বাড়তি খাবারের উদ্যোগ—এ ধরনের ১৫টি সূচকের ভিত্তিতে পর্যালোচনা করা হয়েছে। অনুষ্ঠানে সাংসদ এস এম আকবর, বিবিএফের সচিব সুফিয়া খাতুন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম আমির হোসেন, জাতীয় পুষ্টিসেবার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান আলোচনায় অংশ নেন।