শিশুগুলো বাসা ছেড়ে গেলে ফিরে আসত, এবার আর আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইয়ানের খোঁজে জাতীয় প্রেসক্লাবে এসেছিলেন তাঁর অভিভাবকেরা
ছবি: প্রথম আলো

বাসা থেকে আগেও না বলে চলে যেত রাইয়ান। পরে ফিরে আসত। ১৭ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটি না ফিরলেও সমস্যা ছিল না। জিপিএসের মাধ্যমে তার অবস্থান ঠিকই শনাক্ত করে ফেলতেন অভিভাবকেরা। কিন্তু এবার তা হয়নি। তিন মাস পেরিয়ে গেছে, এখনো ফিরে আসেনি রাইয়ান। শিশুটি গুছিয়ে কথা বলতে পারে না, এলোমেলো কথা বলে।

গত বছরের ২১ নভেম্বর সকালে শিশু রাইয়ান ঢাকার ইব্রাহিমপুর এলাকার বাসা থেকে বেরিয়ে গেছে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে তাকে খুঁজে বের করার পদক্ষেপ নেওয়ার আরজি জানান অভিভাবকেরা।

ঘটনার দিন বাসায় ছিল শুধু রাইয়ান ও তার বাবা নাসিম আনোয়ার (আরিফ)। পরিবারের অন্য সদস্যরা গ্রামের বাড়িতে গিয়েছিলেন এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে। হঠাৎ সন্তানকে দেখতে না পেয়ে নাসিম আনোয়ার ভেবেছিলেন, শিশুটি সম্ভবত একই ভবনে চাচাদের বাসায় গেছে। কারণ, গেটে সব সময়ই তালা থাকে।

পরে খোঁজ নিতে গেলে চাচাদের বাসায় পাওয়া যায়নি রাইয়ানকে। রাইয়ানই কলাপসিবল গেটের তালা খুলল, নাকি অন্য কেউ খোলা রেখে চলে গিয়েছিল, তার হদিস করতে পারছে না পরিবার। খোঁজাখুঁজি, মাইকিংও করা হয়েছে। গাজীপুরের কোনাবাড়ী, তেজগাঁও ও মিরপুরের শাহ আলী থানা এলাকার ভবঘুরে আশ্রয়কেন্দ্রেও খুঁজেছে পরিবার। জানানো হয়েছে সাভার থানায়ও।

সাড়ে চার মাস ধরে খোঁজ মিলছে না মানসিক ও বাকপ্রতিবন্ধী আবদুল্লাহরও
ছবি: প্রথম আলো

নাসিম আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসক বলেছিলেন মাঝেমধ্যেই বাইরে যেতে দিতে। কাজেই যখনই বাইরে যেতে দিতাম, সঙ্গে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিতাম। কিন্তু সেদিন ট্র্যাকার দিইনি। না বলে চলে গেছে বাসা থেকে।’

এর আগেও বাসা থেকে বের হলে জিপিএস ট্র্যাকারে দেখা যায় রাইয়ান আগারগাঁও, মিরপুর ১০ নম্বর এলাকায় চলে গেছে। পরে একাই চলে এসেছে। দীর্ঘশ্বাস নিয়ে রাইয়ানের বাবা বলেন, ‘এবার কেন যে ফিরে আসছে না, বুঝতে পারছি না।’

কথা বলতে বলতে নাসিম আনোয়ারের চোখে–মুখে শঙ্কা ভর করে। বলেন, ‘অনেক চক্র আছে। শিশু, নারী পাচারকারী আছে। পাচার করে দিল কি না। দেশে থাকলেও এক দিন না এক দিন খুঁজে পাব।’

প্রেসক্লাবে প্রতিবন্ধী শিশুদের খোঁজে এসেছিলেন কয়েকজন

এদিকে রাইয়ানের মতো মিরপুরের ভাষানটেক এলাকা থেকে হারিয়ে গেছে আরেক শিশু, আবদুল্লাহ। সে–ও বাড়ি থেকে বেরিয়ে গেলে ফিরে আসত। কিন্তু এবার আসছে না। গত বছরের ৪ অক্টোবর থেকে নিখোঁজ মানসিক ও বাক্‌প্রতিবন্ধী শিশুটি। তার অসুস্থ মা আসতে পারেননি মানববন্ধনে। এসেছেন ছেলেটির প্রতিবেশী।

প্রতিবেশী আয়শা সুলতানা খান বলেন, এই শিশুও রাইয়ানের মতো আগে মাঝেমধ্যে হারিয়ে যেত। কিন্তু এবার আর পাওয়া যাচ্ছে না। শিশুটির গাড়িতে উঠে চলে যাওয়ার প্রবণতা আছে। এ নিয়ে ভাষানটেক থানায় জিডি করা হয়েছে।

আয়শা সুলতানার দাবি, শিশুগুলোর খোঁজ নিতে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এমনই মানসিক ভারসাম্যহীন শিশুদের পথে পথে ঘুরতে দেখেছেন তাঁরা।