শিশুগৃহকর্মীদের আইনি সুরক্ষায় নিবন্ধনের ব্যবস্থা করতে হবে
ঢাকা সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে গৃহকর্মী শিশুদের নাম নিবন্ধনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংগঠনটির নেতারা গতকাল রোববার ঢাকার মেয়র সাদেক হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানান। মেয়রকে তাঁরা বলেন, গৃহকর্মী শিশুদের আইনি সুরক্ষা দেওয়া জরুরি। এ জন্য দরকার গৃহকর্মীদের নাম নিবন্ধনের ব্যবস্থা করা। এই কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা গেলে কাজটি সহজ হবে। সম্ভব হবে ওই সব শিশুকে আইনি সুরক্ষা দেওয়া। আসক-এর এই অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকার মেয়র গৃহকর্মী শিশুদের সুরক্ষা দিতে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা ঘোষণা করেন। সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত এই সাক্ষাৎকার অনুষ্ঠানে আলোচকেরা বলেন, রাজধানী ঢাকায় প্রায় এক লাখ ৩২ হাজার শিশু বিভিন্ন বাসাবাড়িতে কাজ করছে। কিন্তু তাদের ন্যূনতম আইনি সুরক্ষা নেই। গত তিন বছরে ১০টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য অনুযায়ী ১৫৪ জন শিশুগৃহকর্মী নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে বেঁচে আছে ১৭৮ জন। আসক-এর নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, শিশুগৃহকর্মীরা ‘গৃহের অভ্যন্তরে, আইনি সুরক্ষার বাইরে থাকা’ শিশু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট্ট ছোট্ট শিশুরা দুমুঠো খাবার জোটাতে ঢাকায় আসে। তাদের বেশির ভাগই নিজেদের ঠিকানা পর্যন্ত ঠিকভাবে বলতে পারে না। নিজের অজান্তেই এই শিশুরা বহুতল ভবনের কোনো একটা বাসায় কার্যত হারিয়ে যায়। শিশুটির মা-বাবাও ঠিকমতো জানতে পারে না সন্তান কোথায়, কী অবস্থায় কাজ করছে। এসব শিশুকে আইনি সুরক্ষা দিতে হবে। তাদের অধিকার আইনে স্বীকৃত আছে। সেভ দ্য চিল্ড্রেন সুইডেন-ডেনমার্ক-এর কর্মকর্তা রহিমা বেগম বলেন, গৃহকর্মী শিশুরা এক বেলা খাবার পেলেও তারা বাবা-মার কাছে থাকতে চায়। তাদের তিন বেলা খাবারের প্রয়োজন নেই। এসব শিশু স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত।রাজধানীর বেশ কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর নিজ নিজ এলাকায় পরিচালিত জরিপের ভিত্তিতে জানান, বেশির ভাগ ক্ষেত্রেই গৃহকর্মী শিশুদের কারিগরি শিক্ষা নেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে নিয়োগকর্তারা। তাঁরা নিয়োগকর্তাদের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিভিন্ন প্রকল্পে করপোরেশন এখন বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। গৃহকর্মী শিশুদের মৌলিক অধিকারের সুযোগ সৃষ্টি ও আইনি সুরক্ষা দিতে সবার একযোগে কাজ করার সুযোগ রয়েছে।