শিশুটি এখনো মায়ের জ্ঞান ফেরার অপেক্ষায়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেন তার নিজের বাড়ি। এদিক-সেদিক ছুটছে, খেলছে। এই হাসপাতালে আসার আগে নিশ্চয়ই তার কোনো নাম ছিল। কিন্তু তা কেউ জানে না। এখানে এসে সে ‘রূপালী’ নাম পেয়েছে। পেয়েছে মানুষের ভালোবাসা, আদর। শুধু নিজের মা তাকে আর আগের মতো আদর করেন না। মা তাকে চেনেন না।তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গাড়ির ধাক্কায় গত ৩০ জুলাই সকালে আহত হন ওই অজ্ঞাতনামা নারী। সঙ্গে থাকা শিশুটি রক্ষা পায়। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞান অবস্থায় ওই নারীকে রেখে যায়, সঙ্গে শিশুটিকেও।ওই সময় খোঁজ নিয়ে জানা গিয়েছিল, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কলোনি বাজারে শিশুটিসহ থাকতেন ওই নারী। তবে তাঁদের নাম-পরিচয় সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি। এ নিয়ে গত ৯ আগস্ট প্রথম আলোয় ‘কখন জাগবে মা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর কিছু তরুণ চাকরিজীবী ওই নারী ও শিশুর নাম-পরিচয় জানার উদ্যোগ নেন। এক মাস পর ওই তরুণেরা প্রথম আলোকে জানান, ওই অজ্ঞান নারীর গ্রামের বাড়ি বরিশালের দপদপিয়া এলাকায়। পাঁচ-ছয় বছর আগে মা-সহ তিনি কলোনি বাজার এলাকায় আসেন। পরে তাঁর মাকে দেখা না গেলেও তাঁর সঙ্গে ওই শিশুকে দেখা যায়। শিশুটি তাঁরই—এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন বলে তরুণেরা দাবি করেছেন। ওই নারীর জ্ঞান এখনো ফেরেনি। হাসপাতাল সূত্র জানিয়েছেন, ওই নারী মাঝেমধ্যে চোখ খুলে অপলক তাকিয়ে থাকেন। তবে কিছু বলতে পারেন না। আর শিশুটিকে একজন আয়া দেখভাল করছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউনিট ওয়ানের সহকারী রেজিস্ট্রার আশরাফুল হক বলেন, মাথার আঘাত গুরুতর হওয়ায় ওই নারীর সহজে জ্ঞান ফিরছে না। তবে তিনি সংকট কাটিয়ে উঠেছেন। ধীরগতিতে তাঁর উন্নতি হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, মায়ের জ্ঞান না ফেরা পর্যন্ত শিশুটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তাঁরা।