রাজধানীর উত্তরখান থানার আবদুল্লাহপুরের বড়বাগের (আটিপাড়া) সেই শিশুটির অবস্থার উন্নতি হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তার চিকিৎসা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। ওসিসির একজন কর্মকর্তা জানান, শিশুটির আতঙ্ক কিছুটা কমেছে। তবে এখনো তার মাকে সার্বক্ষণিকভাবে তার সঙ্গে থাকতে হচ্ছে। গত মঙ্গলবার দুপুরের কোনো এক সময় দুই বছর নয় মাস বয়সী শিশুটি ধর্ষণের শিকার হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বাবা রিকশাচালক। মা ঝিয়ের কাজ করেন। শিশুটির বাবা ওই দিন সকালে কাজে গেলেও এখনো ফিরে আসেননি। তিনি মেয়ের খবরও জানেন না।শিশুটির দেখভাল করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি আইনি সহায়তা দিচ্ছে। এ ছাড়া গতকাল অনেকেই শিশুটির সাহায্যের জন্য প্রথম আলো কার্যালয় ও হাসপাতালে খোঁজখবর নিয়েছেন।দুজন গ্রেপ্তার: উত্তরখান থানায় শিশুটির মায়ের করা মামলায় মাহমুদুল হাসান শাহীন ও রুবেল আহমেদ রানা নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক ইউনুস আলী জানান, সন্দেহভাজনদের মধ্যে নয়ন নামে একজনকে খুঁজছে পুলিশ।