বিভিন্ন প্রক্রিয়ায় শিশুদের যৌনকর্মে যুক্ত করা হচ্ছে। বিশেষ করে যেসব মেয়েশিশু ধর্ষণের শিকার হয়, তাদের উদ্দেশ্যমূলকভাবে বারবার ধর্ষণ করে যৌনকর্মে বাধ্য করা হয়। আইন থাকলেও শিশুদের সুরক্ষা দেওয়া যাচ্ছে না। এ জন্য সরকারি-বেসরকারি সব সংস্থাই দায়ী।বাংলাদেশ শিশু অধিকার ফোরামের এক সমীক্ষা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গতকাল বুধবার এক অনুষ্ঠানে ‘স্ন্যাচড চাইল্ডহুড’ (ছিনিয়ে নেওয়া শৈশব) শীর্ষক এই সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের যৌনপল্লিগুলোয় স্কুলপড়ুয়া ছেলেদের যাতায়াত বাড়ছে।গবেষক শারফুদ্দিন আহমেদ বলেন, তিনি ও তাঁর দল দুটি যৌনপল্লিতে কিছুদিন থেকে এবং যৌনকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, ইদানীং স্কুলপড়ুয়া ছেলেদের যৌনপল্লিতে আসার হার বেড়েছে। তবে যৌনপল্লিতে মেয়েশিশুদের সংখ্যা কিছুটা কমেছে। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিশুদের বিপথগামিতা এড়াতে শিক্ষার কোনো বিকল্প নেই। মা-বাবা, পরিবার ও সমাজের সব মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করা গেলে স্কুলপড়ুয়া ছেলেদের যৌনপল্লিতে যাওয়ার হার কমবে।জাতীয় মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের প্রায় ১৬ হাজার মেয়েশিশু যৌনকর্মী রয়েছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সদস্য দুই শতাধিক। ১৫-১৬ হাজার শিশুকে উদ্ধার ও পুনর্বাসনের দায়িত্ব নেওয়া তাদের জন্য খুব কঠিন হবে না।তেরে দেস হোমসের এ দেশীয় পরিচালক মাহমুদুল কবীর বলেন, শিশু সুরক্ষায় আইন করা হয়েছে, কিন্তু আইনের ফাঁক বের করেই শিশুদের যৌনকর্মে যুক্ত করা হচ্ছে। অনুষ্ঠানটির সঞ্চালক এমরানুল হক চৌধুরী বলেন, রাস্তাঘাট, পার্ক-স্টেশনে ছেলেশিশুরা যৌনকর্মে যুক্ত হতে বাধ্য হচ্ছে। এ বিষয়টি সমীক্ষায় উঠে আসেনি। এটি এ প্রতিবেদনের একটি দুর্বল দিক।