শিশুনীতির খসড়া পর্যালোচনা করা হচ্ছে
পূর্ণাঙ্গ শিশুনীতি তৈরির জন্য এর খসড়া পর্যালোচনা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশুনীতি ২০১০ পর্যালোচনা ও মতবিনিময় সভায় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী এ কথা বলেন। রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধি ও দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা শিশুনীতির প্রতিটি ধারায় তাঁদের পর্যালোচনা ও সুপারিশ জানান। সুপারিশগুলোর মধ্যে ছিল—শিশুশ্রম বন্ধ করার সময় নির্ধারণ করা, শিশুর উন্নত জীবনের জন্য অপরিহার্য শিক্ষিত মা পেতে বয়স্ক শিক্ষাব্যবস্থা রাখা, আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করার পাশাপাশি মূলধারার শিক্ষা কার্যক্রমে তাদের অন্তর্ভুক্ত করা। সুপারিশগুলো উপস্থাপন করার সময় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এগুলোর বাস্তবতা বিবেচনা করে প্রয়োজনীয় অংশগুলো জাতীয় শিশুনীতিতে অন্তর্ভুক্ত করা হবে। প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করা প্রসঙ্গে অংশগ্রহণকারীরা বলেন, ‘তারা মূলধারার শিশুদের থেকে পরিস্থিতিগত কারণে এক মাত্রা পিছিয়ে। তাই তাদের প্রতি বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন।’ সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম।সভার শুরুতে শিশুনীতি যুগোপযোগী করার উদ্দেশ্য এবং কোন কোন ক্ষেত্রে সরকার বিশেষ গুরুত্ব দিতে চেয়েছে, তা তুলে ধরেন মন্ত্রণালয়ের ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টোরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে শিশু প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁরা প্রতিবন্ধী, পথশিশু, শ্রমজীবী, আদিবাসী, নদীভাঙনকবলিত, দলিত, যৌনপল্লি, নিরাপদ আশ্রয় ও এতিমখানার শিশুদের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান।