শিশুপুত্রকে নিয়ে লাফিয়ে পড়ে সংজ্ঞাহীন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা। যাত্রীবোঝাই একটি মিনিবাস যাত্রাবাড়ীর দিকে যাওয়ার পথে মাতুয়াইলে মাতৃ ও শিশুস্বাস্থ্যকেন্দ্রের কাছে লাঠি আর ইটপাটকেল নিয়ে হামলা চালায় একদল যুবক। আতঙ্কিত যাত্রীদের কেউ দরজা, কেউ জানালা দিয়ে লাফিয়ে নামতে থাকেন। পেছনের দিকের একটি জানালা দিয়ে শিশুপুত্রকে কোলে নিয়ে লাফিয়ে নিচে পড়েই অজ্ঞান হয়ে যান এক নারী। তিন মাসের শিশুটি তখন হাত-পা ছুড়ে কাঁদছিল।আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীকে প্রথমে মাতৃ ও শিশুস্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন। রাত পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি, পরিচয়ও জানা যায়নি।রায়েরবাগের বাসিন্দা হাবিবুর রহমান খান ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। কদমতলী থানার পুলিশ শিশুটিকে থানার পাশে এক বাসায় রেখেছে।সংজ্ঞা হারানো ওই নারীকে প্রাথমিক শুশ্রূষা দেন মিতা নামের এক নারী। তিনি রায়েরবাগে গৃহকর্মীর কাজ করেন। প্রত্যক্ষদর্শী মিতা বলেন, যুবকেরা মিনিবাসটিতে হামলা ও ভাঙচুর শুরু করলে যাত্রীরা দরজা-জানালা দিয়ে হুড়মুড় করে নামছিলেন। ওই নারী বাচ্চাসহ জানালা দিয়ে লাফ দিয়ে নিচে পড়েই অজ্ঞান হয়ে যান। এ সময় পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এর মধ্যেই তিনিসহ কয়েকজন ওই নারী ও শিশুর দিকে এগিয়ে যান। ধরাধরি করে তাঁকে রাস্তার পাশের একটি দোকানের সামনে নেওয়া হয়। মাথায় পানি ঢালা হলেও জ্ঞান ফেরেনি। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের গাড়িতে করে ওই নারীকে মাতুয়াইল হাসপাতালে পাঠায়।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, পুলিশের গাড়িতে করে সংজ্ঞাহীন নারীকে মাতৃ ও শিশুস্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। দুপুরের দিকে হাবিবুর রহমান খান ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পুলিশ শিশুটিকে কদমতলী থানার পার্শ্ববর্তী এক বাড়িতে সেলিনার হেফাজতে রেখেছে।হাবিবুর রহমান খান অভিযোগ করেন, সংজ্ঞাহীন ওই নারীর যথাযথ চিকিৎসা হচ্ছে না।