মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার শিশু অধিকার সংরক্ষণে শিশুবিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এ লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় শিশুনীতি-২০১০’ চলতি মাসের মধ্যেই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। গতকাল বৃহস্পতিবার এলজিইডি ভবন মিলনায়তনে বাংলাদেশের শিশু পরিস্থিতি বিষয়ে জাতিসংঘে প্রতিবেদন পাঠানোসংক্রান্ত দুই দিনের কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান। জাতিসংঘের শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী দেশগুলোকে প্রতি পাঁচ বছর পরপর জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক কমিটিতে শিশু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন পাঠাতে হয়। ২০১২ সালে বাংলাদেশকে এসংক্রান্ত পঞ্চম প্রতিবেদন পাঠাতে হবে। প্রতিবেদন পাঠানোর আগে ২০০৯ সালের মূল্যায়ন প্রতিবেদনে যেসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল বর্তমানে তার কী অবস্থা, সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা সমাধানে করণীয় বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জাতিসংঘ শিশু তহবিলের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বিজ্ঞপ্তি।