শিশুমেলায় জমজমাট ভাব নেই

দেড় মাস আগে শ্যামলীর শিশুমেলা আবার চালু হয়েছে। তবে আগের মতো সেই জমজমাট ভাব নেই। কর্তৃপক্ষ বলছে, মাঝের বিরতির কারণে মানুষ তুলনামূলক কম।
আইনি জটিলতায় শ্যামলীর শিশুমেলা বিনোদনকেন্দ্রটির ইজারাদার মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসের কাছ থেকে প্রায় ১২ বছর ইজারা পায়নি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত বছরের ২৬ নভেম্বর ডিএনসিসি অভিযান চালিয়ে বিনোদনকেন্দ্রটি বন্ধ করে সিলগালা করে দেয়। এরপর থেকে প্রায় তিন মাস বন্ধ থাকে শিশুমেলা। বিনোদনকেন্দ্রটি পরিচালনার বিষয়ে আগের ইজারাদার প্রতিষ্ঠানের সঙ্গেই আবার এক বছরের নতুন চুক্তি হয় ডিএনসিসির। গত ১৯ ফেব্রুয়ারি বিনোদনকেন্দ্রটি আবার চালু হয়।
গতকাল শুক্রবার বিকেলে দেখা যায়, কয়েকটি রাইড চলছে। বাকিগুলোতে লোকজন নেই। মিনি ট্রেনটির সামনে কিছুটা জটলা। গুহার ভেতর দিয়ে চলে এই ট্রেন। কিছুটা ভৌতিক আবহ তৈরি হয়। মাহিনা সুলতানার চার বছরের ছেলে চড়তে চাচ্ছে ট্রেনটিতে। কিন্তু ভৌতিক আওয়াজ শুনে আবার ভয়ও পাচ্ছে। মাহিনা গত বছর একবার এসেছিলেন। তিনি বলেন, ‘ছেলে অনেক দিন ধরেই আসতে চাচ্ছিল, কিন্তু জানতাম না আবার খুলছে। কয়েক দিন আগে জানতে পারি। বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়ার জায়গা কম। তাই এখানেই আবার আসা।’
ওয়ান্ডার হুইলে দুজন দাঁড়িয়ে আছেন। আরও কয়েকজন হলে চড়া যাবে। থ্রিডি গ্যালারি, থ্রিডি অ্যাডভেঞ্চারগুলোতে কেউ নেই। গুহার ওপরে উঠে ছবি তোলার হিড়িক। ব্যাটারি কার, হেলিকপ্টার কর্নারে ছোটদের ভিড় বেশি। চিকিৎসক হাবিবা ছেলেকে নিয়ে প্রথমবারের মতো এসেছেন। নিজে একবার এসেছিলেন অনেক আগে। তিনি বলেন, এখন একটু বেশি ঘিঞ্জি। আগের পরিবেশ তাঁর কাছে ভালো লাগত।
শাহেদা আক্তারের একটি দোকানে আছে স্যুভেনির কর্নারে। গতকাল দেখা যায়, তিনি দোকানের ধুলো ঝাড়ছিলেন। বললেন, বেচা-বিক্রি কম, আগের মতো হয় না। মাঝে বন্ধ থাকায় লোকজন কম আসছে। নিরাপত্তারক্ষী দয়াল ব্যাপারীও একই কথা বললেন।
এক একরের বেশি জায়গায় গড়ে ওঠা শিশুমেলার নতুন নাম ‘ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড’। বিনোদনকেন্দ্রটির ইনচার্জ নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘মাঝখানে বন্ধ থাকায় লোকজন একটু কম আসছে। মানুষের জানতেও সময় লাগবে।’ তিনি আরও বলেন, এখন প্রতিদিন গড়ে প্রায় ছয় শ মানুষ হয়। যেখানে আগে হতো প্রায় আট শ জন। পুরোনো লোকবল নিয়েই চলছে। নতুন করে কোনো কিছু করা হয়নি।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের আনাগোনা কিছুটা বাড়তি দেখা গেল। আগত কয়েকজন বলেন, নতুন করে চালুর বিষয়টি সম্প্রতি জেনে তাঁরা এসেছেন।