শিশুর বয়সসীমা ১৮ থেকে কমিয়েআবার ১৬!
শিশু আইনের খসড়ায় শিশুর বয়স নির্ধারণ করা হয়েছে অনূর্ধ্ব ১৬ বছর। ২০১০ সালের ডিসেম্বরে খসড়াটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের সময় শিশুর বয়স ছিল অনূর্ধ্ব ১৮। আইন মন্ত্রণালয় খসড়াটিতে মতামত দেওয়ার পর (ভেটিং) খসড়া শিশু আইন ২০১২ তে শিশুর বয়সসীমা কমিয়ে ফেলা হয়েছে। অনেকেই এর কারণ খুঁজে পাচ্ছেন না। আইন মন্ত্রণালয়ও এ বিষয়ে কিছু বলছে না।কাগজপত্রে দেখা যায়, ১৯৭৪ সালের শিশু আইনে শিশুর বয়স ১৬ বছর হবে এমন উল্লেখ ছিল। আইনটি যুগোপযোগী করতে ২০০৬ সালে খসড়া তৈরির কাজ শুরু হয়। বিভিন্ন মহল থেকে শিশুর বয়স অনূর্ধ্ব ১৮ করার জোর সুপারিশ আসে। যুক্তি ছিল জাতিসংঘ শিশু অধিকার সনদে (সিআরসি) ১৮ বছরের কম বয়সীদের শিশু বলা হয়েছে। এ সনদ স্বাক্ষর ও অনুমোদনকারী দেশ হিসেবে বাংলাদেশে শিশুর বয়স বাড়ানোর একটি বাধ্যবাধকতা আছে। সাবালকত্ব আইন, ভোটাধিকার পাওয়া, বিয়ে করা, সম্পত্তি হস্তান্তর এসব ক্ষেত্রে ১৮ বছর বয়সকে বিবেচনায় আনা হয়েছে। জাতীয় শিশুনীতি, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ভবঘুরে আইন, পাচারবিরোধী আইনে শিশুর বয়স অনূর্ধ্ব ১৮। ফলে শিশু আইনের ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের শিশুর বয়স-সংক্রান্ত মতামত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দেয়। ভেটিংয়ের পর আইন মন্ত্রণালয় ২১ মে খসড়াটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠালে অসংগতি চোখে পড়ে।এই খসড়া তৈরিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে সহায়তা করেছিল ইউনিসেফ। ইউনিসেফের শিশু-সুরক্ষা বিশেষজ্ঞ আমিনুল ইসলাম বলেন, আইনটি শিশুস্বার্থ রক্ষার সর্বোচ্চ আইন। অন্য আইনে ১৮ বছর মেনে এই আইনে বয়সসীমা ১৬ বছর করা বিস্ময়কর।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম প্রথম আলোকে বলেন, আইন মন্ত্রণালয় কোন যুক্তিতে বয়সসীমা কমিয়ে দিল, তা বোধগম্য নয়। আইন মন্ত্রণালয়ের এ ধরনের মতামত মেনে নেওয়া সম্ভব নয়। খসড়াটি মন্ত্রিসভায় উঠলে মহিলাবিষয়ক মন্ত্রণালয় তাদের অবস্থান জানাবে।অভিযুক্ত, দোষী সাব্যস্ত অথবা অপরাধের কাজে ব্যবহূত শিশুদের ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে খসড়ায় উল্লেখ করা হয়েছে। আর অপরাধের শিকার বা সাক্ষী হয়েছে এমন শিশুদের ‘আইনের সংস্পর্শে আসা শিশু’ বলা হয়েছে। খসড়ায় এ ধরনের শিশুদের বয়স ধরা হয়েছে অনূর্ধ্ব ১৬ বছর। তবে খসড়ায় শর্ত দিয়ে বলা হয়েছে, আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু এবং আইনের সংস্পর্শে আসা শিশু ছাড়া সুবিধাবঞ্চিত ও অন্য শিশুদের ক্ষেত্রে বয়সসীমা ১৮। জাতীয় মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, আইন প্রণয়নে সরকারকে সুপারিশ করার আইনি বাধ্যবাধকতা আছে কমিশনের। সমাজকল্যাণ মন্ত্রণালয় যাতে বয়স বাড়ানোর বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়, কমিশন তার সুপারিশ পাঠিয়েছে। তিনি বলেন, বয়সসীমা কমালে অনেক শিশু আইনি সুরক্ষা পাওয়ার সুযোগ হারাবে।জাতীয় মানবাধিকার কমিশন ৯ জুন এই আইন নিয়ে কর্মশালার আয়োজন করে। কর্মশালার প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ সেদিন বলেছিলেন, শিশুর বয়স ১৮ বছর করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্রথম আলোর পক্ষ থেকে এ বিষয়ে বক্তব্য চাইলে আইনমন্ত্রী মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। একাধিকবার যোগাযোগ করলেও সচিব মোহাম্মদ শহীদুল হক কথা বলেননি।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, আন্তর্জাতিক সনদের সঙ্গে সংগতি রেখেই শিশুর সংজ্ঞা নির্ধারণ করতে হবে। বয়স নিয়ে আলোচনা চলছে। প্রয়োজনে খসড়া আবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি বলেন, আইনটি পাস হতে আরও ছয় মাস সময় লাগতে পারে।