শিশুশ্রম বন্ধে ডিসিসির নজরদারি দল গঠন
শিশুদের নিয়োগ দেওয়া হবে না—এই প্রতিশ্রুতি দিলেই কেবল ট্রেড লাইসেন্স ইস্যু করছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। কিন্তু ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এই প্রতিশ্রুতি রক্ষা করছে কি না, তা তদারকির কোনো ব্যবস্থা ছিল না। গতকাল বুধবার ডিসিসি আনুষ্ঠানিকভাবে ঢাকার পাঁচটি অঞ্চলের জন্য ৪২টি তদারক কমিটি গঠন করেছে। মেয়র সাদেক হোসেন মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে ‘এলাকাভিত্তিক নজরদারি দল’ (কমিউনিটি বেসড ওয়ার্কপ্লেস সার্ভেইলেন্স গ্রুপ)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার ঝুঁকিপূর্ণ শিশুশ্রমবিষয়ক সনদে স্বাক্ষর করেছে এবং এ বছরের মার্চে একটি নীতিমালাও গ্রহণ করেছে। কাজেই শিশুশ্রম নিরসনে ব্যবস্থা নেওয়া এখন বাধ্যতামূলক।’ ঢাকা সিটি করপোরেশন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় ঢাকার পাঁচটি অঞ্চলে স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে ৪২টি দল গঠন করেছে। এই দলগুলো ব্যবসায়ীদের শিশুশ্রম বন্ধে উদ্বুদ্ধ করবে, প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করবে। এতে পাঁচটি বেসরকারি সংস্থা ডিসিসিকে সহযোগিতা করছে। বাংলাদেশে আইএলওর পরিচালক আন্দ্রে বোগি বলেন, বাংলাদেশের সব শিশুশ্রমিকের ৩২ শতাংশ ঢাকায় থাকে এবং তাদের ৪৫ শতাংশ ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত। আইএলওর একটি সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের শিশুরা অটোমোবাইল ওয়ার্কশপ, অ্যালুমিনিয়াম, আগরবাতি, বেলুন, ব্যাটারি রি-চার্জিং, গ্লাস, প্লাস্টিক, ঝালাই, স্টিল রি-রোলিং, আসবাবপত্র কারখানা, মোটর গ্যারেজ, গ্যাস বার্নার মেরামত, বই বাঁধাই, বৈদ্যুতিক কাজ, গাড়ি ও ফার্নিচারে রং করা, বাতি তৈরি ও লোহা কাটার কাজ করছে। তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং স্বাস্থ্য-ঝুঁকিতে রয়েছে। অনুষ্ঠানে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আলফনস জেএজেএমজি হেনেকেনস বলেন, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া গ্রহণযোগ্য নয়। শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অরুণ কান্তি আইচ জানান, শিশুশ্রম নিরসনে ৫০টি কাজের তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আযাদ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পাটোয়ারী। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ডিসিসির কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা।