শিশুশ্রমিকদের ক্ষমতায়নে চাই শিক্ষা, প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পাঁচ থেকে ১৪ বছর বয়সী ৭৪ লাখ শিশু শ্রমজীবী। এদের মধ্যে আবার ৭৮ শতাংশ শিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত। এই শিশুরা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ পেলে সুনাগরিকে পরিণত হতে পারে এবং উৎপাদনশীল খাতে নিজেদের নিয়োজিত করতে পারে।গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্ক আয়োজিত এক অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। ‘শিশুশ্রমিকদের উদ্দেশে শিক্ষা ও যুব কর্মসংস্থান প্রোগ্রাম ২০১১-২০১৩’ নামে নতুন একটি কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থাটি এ অনুষ্ঠানের আয়োজন করে।সংস্থাটি জানায়, ১৫ বছর ধরে বিভিন্ন সহযোগী সংগঠনের মাধ্যমে তারা শিশুদের ক্ষমতায়নের চেষ্টা করে যাচ্ছে। নতুন এই কর্মসূচির আওতায় শহর ও গ্রামাঞ্চলের পাঁচ থেকে ১৮ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুদের এবং ১৮ থেকে ২২ বছর বয়সী যুবকদের নিজের পায়ে দাঁড়াতে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।অনুষ্ঠানে সালমা আক্তার নামের একজন মেয়ে ও শফিকুর রহমান নামের একজন শ্রমজীবী শিশু তাদের স্বাবলম্বী হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে। গৃহশ্রমে নিয়োজিত সালমা আক্তার এখন একজন ইলেকট্রিশিয়ান এবং শফিকুর রহমান পোশাক কারখানার মালিক।সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্কের প্রোগ্রাম ডিরেক্টর শাহিদা বেগম বলেন, গৃহকর্মী হিসেবে নিয়োজিত চার লাখ শিশু, অনানুষ্ঠানিক পেশায় নিয়োজিত প্রায় সাড়ে চার লাখ শিশু, কৃষি খাতে জড়িত ৬০ লাখ শিশুর জন্য শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এতে করে এই শিশুরা একদিন উৎপাদনশীল খাতে নিজেদের সম্পৃক্ত করতে সক্ষম হবে।বিশেষ অতিথির বক্তব্যে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, সালমা ও শফিকের এই নিজের পায়ে দাঁড়ানোর ঘটনা সবাইকে উজ্জীবিত করবে।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অরুণ কান্তি আইচ বলেন, সরকার শিশুশ্রম নীতিমালা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।ডেনমার্কের রাষ্ট্রদূত সিভেন্ড অলিং বলেন, বাংলাদেশ একটা অমিত সম্ভাবনার দেশ। কিন্তু চ্যালেঞ্জও রয়েছে অনেক। শিশুদের সঠিকভাবে প্রস্তুত করতে পারলে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে। এ কাজে ডেনমার্ক সরকার বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।