শিশুসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় শিশুসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শিশুটি পানিতে ডুবে ও বাসের চাপায় একজন মারা গেছেন। এ ছাড়া দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ রাসেল (২৫), মীম (৫), জাহাঙ্গীর আলম (২৫) ও শামসুল ইসলাম (৪৫)। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মোহাম্মদ রাসেল ঢাকার অদূরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় থাকতেন। গতকাল মঙ্গলবার তিনি তাঁর বন্ধু কবিরের সঙ্গে রাজধানীতে আসেন। কাজ শেষে দুপুরে দুজনে আজিমপুর বাসস্ট্যান্ডে যান। এ সময় দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন রাসেল। তাঁকে উদ্ধার করে বেলা পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিন সকালে পুলিশ উত্তরখানের পুরানপাড়া এলাকায় সীমানাপ্রাচীরে ঘেরা একটি ডোবা থেকে শিশু মীমের লাশ উদ্ধার করেছে। গতকাল দুপুরে পুলিশ মতিঝিলের আরামবাগ এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠানের কর্মচারী জাহাঙ্গীর আলমের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
গতকাল দুপুরে পুলিশ ডেমরার পশ্চিম টেংরারহাসি এলাকার একটি বাসা থেকে শামসুল ইসলামের লাশ উদ্ধার করেছে। তিনি পোশাককর্মী ছিলেন।