শীত এসে গেছে, লেপ বানানোর তোড়জোড়
শীত এসে গেছে। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে অপরিহার্য সঙ্গী লেপ বানানোর আয়োজন চলছে রাজধানীর দোকানগুলোতে। এসব দোকানে ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা চোখে পড়ার মতো। গতকাল শনিবার নীলক্ষেতে তুলাপট্টিতে দেখা যায় এমনই আয়োজন।বিভিন্ন ধরনের তুলা থেকে পছন্দনীয় তুলা বেছে নিয়ে লেপের অর্ডার দিচ্ছেন ক্রেতারা। আর চাহিদা মোতাবেক লেপ তৈরি করছেন কর্মচারী নিজাম। নীলক্ষেতে সিদ্দিক বেডিং অ্যান্ড স্টোরে কাজ করেন নিজাম। তিনি জানান, একটি লেপ তৈরি করতে সময় লাগে চার ঘণ্টা। প্রতিদিন তিন-চারটি লেপ বানাতে পারেন তিনি।নীলক্ষেতে ফারহানা ইসলাম এসেছেন কার্পাস তুলার লেপ তৈরি করতে। তিনি জানান, ভালো কার্পাস তুলার দাম পড়ে ৩০০ টাকা কেজি। লেপ ও কভার তৈরি করতে খরচ হচ্ছে তিন হাজার টাকা। নিজাম জানালেন, বাজারে তুলা পাওয়া যায় বিভিন্ন রকম। যেমন: কম্বার, কার্পাস, সাদা কার্পাস ও গার্মেন্টস। এই সব রকমফেরে সিদ্ধান্ত নিতে সময় লাগে ক্রেতার। কিন্তু আর যা-ই হোক, হাত দিয়ে বোঝা যায়, সাদা কার্পাস তুলা বেশি ভালো ও আরামদায়ক। বেশ কয়েকটি লেপ তৈরির দোকান রয়েছে মোহাম্মদপুরে নূরজাহান রোডে। নির্ঝর বেডিং স্টোরের কর্মচারী মো. জাহাঙ্গীর আলম লেপের কভার তৈরি করে চলেছেন সেলাই মেশিনে।জাহাঙ্গীর জানালেন, মলমল ও মারকিন—দুই ধরনের লেপের কভার কাপড় পাওয়া যায়। মারকিন কাপড়ের কভারে খরচ পড়ে ৪০০ এবং মলমল কাপড়ে কভারের খরচ পড়বে ৫৫০ টাকা। তিনি বলেন, বেশির ভাগ ক্রেতার পছন্দ মলমল কাপড়ের কভার। কারণ এটা নরম,দেখতেও ভালো। লেপের কভার কিনতে আসা মহিউদ্দিন জানালেন, তুলার দাম বাড়ার কারণে একটি লেপ তৈরি করতে খরচ হচ্ছে দুই হাজার ৫০০ টাকা। তবে দামের পার্থক্য লেপের মাপের ওপর নির্ভর করে বলে জানান নয়ন মিয়া। তিনি মিরপুর ১-এর এ ব্লকের দোকান আলাল বেডিং স্টোরের কর্মচারী। তিনি আরও জানান, বড়, মাঝারি, ছোট—এই তিন ধরনের মাপ অনুযায়ী লেপ তৈরি করা হয়। নয়ন মিয়া জানান, দোকানে কাজ করার পাশাপাশি এখন ঘরে গিয়েও লেপ তৈরির ডাক পাচ্ছেন।