শীত কমলেও গ্যাসের চাপ বাড়ছে না

শীত কমে এলেও রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ সমস্যা কমেনি। বরং কোথাও কোথাও সমস্যা আরও বেড়েছে। অনেক স্থানে রাতে-দিনে তিন ঘণ্টার বেশি সময় চুলা জ্বলছে না। কিছু এলাকায় পাইপলাইনে পানি ঢুকে পড়ায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে এই তথ্য পাওয়া যায়। গ্যাস সমস্যার অভিযোগ জানিয়ে তিতাসের জরুরি নিয়ন্ত্রণকক্ষে প্রচুর অভিযোগও আসছে। গতকাল মঙ্গলবার অভিযোগ এসেছে পুরান ঢাকার তাঁতীবাজার, গোয়ালনগর, যদু বসাক লেন, মধ্য বাড্ডায় মোল্লাপাড়া, মোহাম্মদপুর আজিজ মহল্লা, পশ্চিম তেজতুরী বাজার প্রভৃতি এলাকার। মিরপুরে তিতাসের অভিযোগ কেন্দ্রেও প্রতিদিন অনেক অভিযোগ আসছে। এসব অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে জানা যায়, প্রধানত স্বল্পচাপ সমস্যার কারণে গ্যাস-সংকট।
পুরান ঢাকার গোয়ালনগর এলাকায় গ্যাস সমস্যা চরমে উঠেছে। এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে মধ্য ও ভোররাতে রান্না হয়। ৬৪ নম্বর বাড়ির বাসিন্দা রাজন প্রথম আলোকে বলেন, ভোররাতে তাঁর মা আর বোন রান্নার কাজ সারেন। সে রান্নায় দুপুরের খাবারও হয়। পার্শ্ববর্তী রাজার দেউড়ি, তাঁতীবাজার প্রভৃতি এলাকায়ও একই সমস্যা।
যদুনাথ বসাক লেনের অনেক বাড়িতে চার দিন ধরে গ্যাস নেই। তবে তিতাস সূত্র জানিয়েছে, সেখানে পাইপলাইনে ফুটো হয়ে পানি ঢুকেছে।
নিউ ইস্কাটনের গ্যাসের চাপ খুবই কম। এ অবস্থা দেড় মাসেরও বেশি সময় ধরে। এলাকার আবদুর রশিদসহ কয়েকজন বাসিন্দা বলেন, জানুয়ারির মাঝামাঝি সময়ে তিতাসের কাছে জানতে চাইলে বলা হয়েছিল, শীতের কারণে পাইপের ভেতরে গ্যাসের স্বল্পচাপ সৃষ্টি হয় বলে সমস্যা। কিন্তু এখন শীত প্রায় নেই, তাহলে গ্যাসের চাপ কম কেন?
কারওয়ান বাজার তেজতুরী বাজার, তেজগাঁও বেগুনবাড়ি ও আশপাশের এলাকায় সকাল আটটা থেকে সাত-আট ঘণ্টা গ্যাস থাকে না বলে অভিযোগ করেন বাসিন্দারা।
মিরপুরের কাজীপাড়া ইটখোলা বাজার এলাকায় দুই মাসেরও বেশি সময় ধরে গ্যাস-সংকট চলছে। এলাকার ঘরে ঘরে কেরোসিনের চুলায় রান্নার কাজ হচ্ছে বলে বাসিন্দারা জানান। বাসিন্দাদের ক্ষোভ, দুই মাস গ্যাস না থাকলেও পুরো বিলই তাঁদের দিতে হবে।
আগারগাঁওয়ের শাপলা হাউজিংয়ের বাসিন্দাদের অভিযোগ, জানুয়ারি মাসে ২৪ ঘণ্টায় দুই ঘণ্টা গ্যাস থাকত। তাও মাঝরাতে। ফেব্রুয়ারি মাস শুরুর পর রাতে ছয়-সাত ঘণ্টা গ্যাস থাকে। কিন্তু গত তিন দিন চুলা জ্বলছেই না।
মিরপুরে তিতাসের অভিযোগ কেন্দ্র থেকে বলা হয়, এখনো শীতজনিত স্বল্পচাপ সমস্যাই চলছে। অন্যদিকে জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে বলা হয়, স্বল্পচাপ সমস্যার চেয়ে বিভিন্ন স্থানে গ্যাস পাইপ ফেটে যাওয়ার কারণেই বেশি সমস্যা হচ্ছে। গতকাল সন্ধ্যায় কর্তব্যরত কর্মকর্তা বলেন, রাতে গ্যাসের চাপ বাড়লে পাইপ ফুটো হওয়ার বিষয়টি ধরা পড়ে।
পরিচালক (অপারেশন) আলী আশরাফ বলেন, শীতে গ্যাসের চাহিদা বাড়ার কারণে সমস্যা হয়। তা ছাড়া কিছুটা কারিগরি সমস্যাও রয়েছে।