শীত, বৃষ্টি উপেক্ষা করে ১৩০০ কিমি পাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৮ ঘণ্টায় ১৬০০ কিলোমিটার সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়তে ছুটছেন সাইক্লিস্টরা। আজ শুক্রবার রাজধানীর পূর্বাচলে
ছবি: সংগৃহীত

শীত, বৃষ্টি কোনো কিছুই বাগে আনতে পারেনি তাঁদের। ছুটে চলায় এতটুকু বিরতি নেই সাইক্লিস্টদের। আজ শুক্রবার বেলা পৌনে ১১টা অবধি ১ হাজার ৩০০ কিলোমিটার চালানো হয়ে গেছে। আর মাত্র ৩০০ কিলোমিটার বাকি।

আজ শুক্রবার ভোররাতের দিকে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি, কাদা উপেক্ষা করেই সাইকেলে গতির ঝড় তুলে এগিয়েছেন সাইক্লিস্টরা। একেকজনের শরীর কাদাপানিতে মেখে একাকার।

এমনিতেই রাজধানীর পূর্বাচলের এদিকটায় রাতে তাপমাত্রা ১০-১২ ডিগ্রিতে নেমে আসে। বুধবার রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, ছিল ভয়াবহ কুয়াশা। এর মধ্যেই ছুটতে হয়েছে তাঁদের, বলছিলেন দ্রাবিড়। তারপরও রাতে গতি ভালোই থাকে। বরং সমস্যা হয় দিনে। অনেক বাতাস থাকে, গতি যায় কমে।

টিমবিডিসির সদস্যরা এ কাজে সহায়তা পেয়েছেন তাঁদের পৃষ্ঠপোষক ডাবরের কাছ থেকে। আর সহযোগিতায় আছে প্রথম আলো ডটকম।

খাওয়াদাওয়া, ঘুম কেমন হচ্ছে জানতে চাইলে দ্রাবিড় বলেন, খাওয়ায় সমস্যা নেই। বৃহস্পতিবার দুপুরে নুডলস, রাতে স্প্যাগেটি খেয়েছেন। মাঝে পুরিও খেয়েছেন। এখন আর স্বাস্থ্যকর খাবার বাছবিচার করছেন না। যা পাচ্ছেন, সমানে গিলছেন। তবে ঘুম আসতে সময় লাগছে। শিয়ালের ডাক শুনতে শুনতে ঘুমান, ঘণ্টা দেড়েকের ঘুম।

গত বুধবার রাত ৮টা ৩৮ মিনিটে রাইড শুরু হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ৪০০ কিলোমিটার চালানো হয়ে যায়। রাত সাড়ে ৮টার মধ্যে শেষ হয় আরও ৪২৫ কিলোমিটার। আর আজ বেলা পৌনে ১১টা নাগাদ চার সাইক্লিস্ট মিলে চালিয়েছেন ১ হাজার ৩০০ কিলোমিটার।

টিমবিডিসির এই উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে শামিল হয়েছেন অনেকে। তাঁরাই এই রাইডের ‘প্রাণ’ বলছেন সবাই। আর পেসার যাঁরা, সারাক্ষণ ধরে লেপ্টে আছেন সাইক্লিস্টদের সঙ্গে; মূল রাইডারদের সঙ্গ দিতে সমানতালে চালিয়ে যাচ্ছেন ‘আনসাং’ এই হিরোরা।

প্রত্যেক সাইক্লিস্ট গড়ে ৩৫ কিলোমিটার গতিতে ১ ঘণ্টা করে সাইকেল চালাচ্ছেন
ছবি: সংগৃহীত

প্রত্যেকে গড়ে ৩৫ কিলোমিটার গতিতে এক ঘণ্টা করে সাইকেল চালাচ্ছেন। একে একে চারজনকে রিলে করে ৪৮ ঘণ্টা পাড়ি দিতে হবে। এর মধ্যেই ঘুম-খাওয়া সেরে নিচ্ছেন রাইডাররা।

এর আগে ২০১৬ সালের বিজয় দিবসে ১ হাজার ১৮৬ জন মানুষ ধীরগতিতে সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। চলন্ত সাইকেলে দীর্ঘতম একক সারির রেকর্ডটি দীর্ঘদিন বিডিসাইক্লিস্টসের ঘরেই ছিল। এবার নতুন রেকর্ড গড়তে সাইকেলে সওয়ার হয়েছেন চারজন।

টিমবিডিসির সদস্যরা এ কাজে সহায়তা পেয়েছেন তাঁদের পৃষ্ঠপোষক ডাবরের কাছ থেকে। আর সহযোগিতায় আছে প্রথম আলো ডটকম।