শীতের ফুলগাছ বিক্রি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকার একটি ফুল গাছের দোকানে চলছে বেচাকেনা। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকার একটি ফুল গাছের দোকানে চলছে বেচাকেনা। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে ফুলগাছের একটি বিক্রয়কেন্দ্রে ঘুরে ঘুরে গাছ দেখছিলেন গৃহবধূ শাহীনা আকতার। ফুলগাছ কিনতে উত্তরা থেকে এসেছেন তিনি। অনেক সময় নিয়ে নানা জাতের ফুলগাছ দেখলেন তিনি। তারপর পছন্দমতো বেশ কিছু ফুলগাছ কিনে নিলেন।

শাহীনার মতো ফুলপ্রেমীরা এখন শীতের ফুল কিনতে ছুটছেন ফুলগাছের দোকানগুলোতে। কারণ, শীতের দিনগুলোতে ফুল ফোটে খুব ভালো। আর শীতের দিনের ফুলের সংখ্যাও অনেক। তাই শীত বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠতে শুরু করেছে রাজধানীর গাছের দোকানগুলো। ফুলের পাশাপাশি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধনকারী গাছ ও সবজির চারাও।

গত শনিবার কথা হয় গৃহবধূ শাহীনা আকতারের সঙ্গে। তিনি জানালেন, নিজের বাসার ছাদসহ ব্যালকনিতে টবে লাগানোর জন্য গাছগুলো কিনেছেন তিনি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এ এফ এম জামাল উদ্দিন বলেন, অন্যান্য মৌসুমে ফুলগাছে রোগবালাই বেশি হয়। শীতকালে রোগবালাই কম হয়। কারণ, এ সময় তাপমাত্রা কম থাকে। আর শীতকালে ফুলের জাতও বেশি। এ কারণে শীতকালে ফুলগাছ বিক্রি বেড়ে যায়।

ফুলগাছ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা রাজধানীর বাইরের নার্সারি থেকে চারাগাছ এনে বিক্রি করেন। রাজধানীতে মূলত গাছ আসে সাভার, আশুলিয়া, বছিলা ও গাজীপুর থেকে। অনেকে যশোর থেকেও ফুলের চারাগাছ নিয়ে আসেন। শহরে মূলত টবে লাগানো হয় ফুলগাছ।

রাজধানীর বিভিন্ন এলাকায় গাছ বিক্রির দোকানে গিয়ে দেখা যায়, দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফুলের গাছে দোকানগুলো রঙিন হয়ে গেছে।আকার-আকৃতি, রঙের ওপর নির্ভর করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে ফুলগাছ। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে গাঁদা। গাঁদা ফুলের ছোট চারাগাছ বিক্রি হচ্ছে ৮-১০, বড় গাছ ৩০-৪০ টাকায়; গোলাপের ছোট চারা ৫০-১০০, বড় ২০০-২ হাজার টাকায়; চন্দ্রমল্লিকার ছোট চারা ১০-১৫, বড় ৪০-৮০ টাকায়; স্যালভিয়ার ছোট চারাগাছ ৮-১০, বড় চারা ৩০-৪০ টাকায়; ডায়ান্থাসের ছোট চারা ১০-১৫, বড় ৪০-৫০ টাকায়; গাজানিয়ার ছোট চারাগাছ ১৫-২০, বড় ৫০-৬০ টাকায়; কসমসের ছোট চারাগাছ ৭-১০, বড় গাছ ২৫-৩৫ টাকায়; পিটুনিয়ার ছোট চারা ১৫-২০, বড় ৪০-৫০ টাকায়; অ্যাস্টারের ছোট চারা ৭-১০, বড় ৩০-৪০ টাকায়; ডালিয়ার ছোট চারা ১০-১৫, বড় চারা ৫০-৮০ টাকায়; সূর্যমুখীর ছোট চারা ৭-১০, বড় গাছ ৩০-৪০ টাকায়; জিনিয়ার ছোট চারা ৮-১২, বড় ৪০-৫০ টাকায়; মোরগঝুঁটির ছোট চারা ৮-১০, বড় ৩০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দেখা যায়, ফুলের পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য অনেকে পাতাবাহারের গাছ কিনছেন। দেশি-বিদেশি পাতাবাহার রংভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ২ হাজার টাকায়। এ ছাড়া শীতকালীন সবজির চারাও বিক্রি হচ্ছে দোকানগুলোতে।

সাভারের আরণ্যক নার্সারির মালিক জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতকালীন ফুলগাছের চাহিদাও বাড়বে। শীতে ফুলগাছই বেশি বিক্রি হয়। তিনি জানান, গত বছরের এই সময়ের তুলনায় এবার বিক্রি বেশি হচ্ছে।

জাহাঙ্গীর হোসেন আরও বলেন, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের ফুলগাছের চারা বিক্রি হয়।