শীর্ষ কাগজের সম্পাদক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক শীর্ষ কাগজ ও অনলাইন পত্রিকা ‘শীর্ষ নিউজ ডটকম’-এর সম্পাদক একরামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে বড় মগবাজারের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।কলাবাগান থানার পুলিশ জানিয়েছে, একরামুল হককে তিন দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, ২৮ জুলাই গিয়াসউদ্দিন তালুকদার নামের একজন ব্যবসায়ী একরামুল হকের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে একটি চাঁদাবাজির মামলা করেন। আদালত বাদীর অভিযোগপত্র এজাহার হিসেবে নিতে কলাবাগান থানাকে নির্দেশ দেন।ওসি জানান, ওই দিনই সেটি মামলা হিসেবে গ্রহণ করে থানা। এর পরিপ্রেক্ষিতে কলাবাগান থানার পুলিশ বড় মগবাজারের বাসা থেকে একরামুল হককে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, মামলার এজাহারে ২৬ জুলাই ৪৪/৯ পান্থপথে গিয়াসউদ্দিনের মালিকানায় বলাকা ইন্টারন্যাশনালে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং কর্মচারীকে মারধর করেন বলে একরামুল হকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।এ ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ও ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ এবং ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি মোতাহের হোসেন ও সাধারণ সম্পাদক লোটন একরাম পৃথক পৃথক বিবৃতিতে একরামুল হকের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা অবিলম্বে একরামুলের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।