আসন্ন শুকনো মৌসুমে রাজধানীতে পানির সমস্যা থাকলেও তা সংকটে পরিণত হবে না। আর সমস্যা যেটুকু থাকবে, তা নিরসনে পানিবাহী গাড়ি, ছোট লরি, ট্যাংক ও ট্রাক্টর থাকবে।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন। গতকাল সোমবার সকালে ওয়াসা ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।গত বছরের অভিজ্ঞতার আলোকে এ বছর আরও ভালোভাবে পানির সমস্যা মোকাবিলা করা যাবে উল্লেখ করে এমডি বলেন, এ জন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বছর শুকনো মৌসুমে ২২০ কোটি লিটার চাহিদার বিপরীতে সর্বনিম্ন উৎপাদিত হয় ১৮৩ কোটি লিটার। এবারও চাহিদা ও সরবরাহের মধ্যে প্রায় একই রকম ব্যবধান থাকবে।তাকসিম এ খান বলেন, প্রতিবছর শুকনো মৌসুমে বিভিন্ন এলাকার পানিতে গন্ধ পাওয়া যায়। এবারও সপ্তাহ খানেক ধরে গন্ধ পাওয়া যাচ্ছে। শীতলক্ষ্যা নদীর পানি কমে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সায়েদাবাদ শোধনাগার থেকে সরবরাহ করা পানিতে গন্ধ থাকছে। শোধন করতে নির্ধারিত মাত্রার তিন গুণ বেশি রাসায়নিক ব্যবহার করতে হচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষায় এই পানিকে নিরাপদ বলা হয়েছে। আগামী বছর সায়েদাবাদে প্রাকেশাধনাগার চালু হবে, তখন আর পানিতে গন্ধ থাকবে না বলে তিনি উল্লেখ করেন।এমডি বলেন, লোডশেডিংয়ের সময় পাম্প চালাতে ১৮১টি পাম্পহাউসে বিদ্যুতের দ্বৈত সংযোগ ও ২৩৩টিতে স্থায়ী জেনারেটর স্থাপন করা হয়েছে। জরুরি প্রয়োজনের জন্য ৬০টি ভ্রাম্যমাণ জেনারেটর রাখা হয়েছে। ২৫০টি পাম্পে বিশেষ যন্ত্র স্থাপন করায় ভোল্টেজ কমবেশি হলেও অসুবিধা হবে না। ৩৬টি পানির গাড়ি, ১৬টি ট্রাক্টর ও ২৮টি ট্রলি প্রস্তুত রাখা হয়েছে। পানির পাম্পগুলো সার্বক্ষণিক তদারকির জন্য ১১টি ভিজিল্যান্স টিম কাজ করবে।পানির অপচয় বন্ধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তাকসিম এ খান বলেন, এ বিষয়ে ওয়াসার পক্ষ থেকে ব্যাপক প্রচারাভিযান চালানো হবে।সভায় ঢাকা ওয়াসার তিনজন উপব্যবস্থাপনা পরিচালক মো. লিয়াকত আলী (অপারেশন ও রক্ষণাবেক্ষণ), মাহবুবুর রহমান (প্রশাসন) ও সৈয়দ গোলাম আহমদ (অর্থ), প্রধান প্রকৌশলী কামরুল আলম চৌধুরী, সচিব মজিবুর রহমান আল মামুন, বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।