শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখাসহ গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশ করা হয়।দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার জের ধরে সেশনজটের আশঙ্কায় শিক্ষার্থীরা এ দাবি জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। পরে বেলা একটার দিকে কয়েক শ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অধিকাংশ বিভাগে ছয় মাসের সেমিস্টার শেষ করতে দেড় থেকে দুই গুণ বেশি সময় লাগছে। তাঁদের আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতার কারণে সেশনজট আরও বেড়ে যাবে। তাই বাধ্য হয়েই তাঁরা শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখাসহ গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানাচ্ছেন। দাবি আদায়ে আজ মঙ্গলবারও বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচি দিয়েছেন তাঁরা।প্রক্টর অশোক কুমার সাহা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের সঙ্গে আলোচনা করা হবে।৩ এপ্রিল ‘জগন্নাথে সেশনজট বাড়ার আশঙ্কা: শুক্র ও শনিবার ক্যাম্পাস খোলা রাখার দাবি শিক্ষার্থীদের’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপানো হয়।মার্চ মাসে রাজনৈতিক অস্থিরতা ও হরতালের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খোলা ছিল মাত্র নয় দিন। হরতালের জন্য নয় দিন এবং সরকারি ও সাপ্তাহিক ছুটির জন্য ১৩ দিন ক্লাস-পরীক্ষা হয়নি। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২৪ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এর মধ্যে সরকারি ছুটি ছিল ১৭ দিন। হরতালের কারণে বন্ধ ছিল সাত দিন।