শুক্রবার পল্টন ময়দানে মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ নভেম্বর শুক্রবার রাজধানীর পল্টন ময়দানে মহাসমাবেশের ডাক দিয়েছে ধর্মভিত্তিক দল ইসলামী আন্দোলন। পর্দা বা হিজাব উৎখাতের কথিত অপচেষ্টা, ধর্মীয় রাজনীতি নিষেধের নামে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র প্রতিরোধ, সংবিধানের মূলনীতি হিসেবে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাখাসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ করবে দলটি।গতকাল রোববার পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আমির চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, দেশে নানা সমস্যা-সংকট বিদ্যমান থাকা সত্ত্বেও ক্ষমতাসীন সরকার ও সর্বোচ্চ আদালত এমন কিছু অপরিণামদর্শী উদ্যোগ নিয়েছে, যা দেশের বৃহত্তর ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে চরমভাবে ব্যথিত ও বিক্ষুব্ধ করে তুলেছে। সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তির লাগামহীন বক্তব্য ও তৎপরতায় প্রতীয়মান হচ্ছে, এ দেশের বৃহত্তম ধর্মপ্রাণ মানুষের অনুভূতি ও অধিকারের প্রতি তাঁদের তোয়াক্কা নেই। এই অবস্থায় গণ-আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।আগামী শুক্রবারের মহাসমাবেশ থেকে আন্দোলনের লাগাতার কর্মসূচি ঘোষিত হবে বলেও জানান চরমোনাইয়ের পীর। তিনি বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে বলেছিল, তারা ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না। এই অঙ্গীকার পালন করলে এ নিয়ে কেউ আন্দোলন করত না। সরকার হয়ত বলবে, তারা কিছুই করছে না। বরং আদালত থেকে সবকিছু হচ্ছে। এ ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো ফতোয়াবিরোধী রায়ও আদালত দিয়েছিলেন, কিন্তু তার দায় বহন করতে হয়েছিল আওয়ামী লীগকেই।