
বাংলাদেশের আধুনিক চারুশিল্প আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে বছরব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা আড়াইটায় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
ময়মনসিংহের কিশোরগঞ্জে ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর শিল্পাচার্যের জন্ম। খুব বেশি দীর্ঘ পরমায়ু তিনি পাননি। মাত্রই ৬২ বছর বয়সে ১৯৭৬ সালের ২৮ মে তিনি এই পৃথিবীর সব বন্ধনমুক্ত হয়েছেন।
কলকাতা সরকারি আর্ট স্কুলে জয়নুল আবেদিন ভর্তি হয়েছিলেন ১৯৩৩ সালে। সর্বভারতীয় চিত্রকলা প্রদর্শনীতে স্বর্ণপদক জয় করে খ্যাতিমান হয়ে উঠেছিলেন তিনি ১৯৩৮ সালে। শিক্ষা শেষে ওখানেই শিক্ষকতায় যোগ দিয়েছিলেন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষে স্রোতের মতো অনাহারী মানুষ আসে কলকাতায়। পথে মরে পড়ে থাকে ভু্খানাঙ্গা শিশু। অনাহারী মানুষ উচ্ছিষ্ট খাবার খুঁজছিল ডাস্টবিনে কাকের সঙ্গে। শিল্পাচার্য এই বিপন্ন মানবতার এক মহাকাব্যিক দৃশ্যমালা তুলে ধরেছিলেন চায়না কালি ও মোটা তুলির টানে। দেশ ভাগের পর ১৯৪৭ সালে তিনি ঢাকায় চলে আসেন।
ঢাকায় তখন চারুশিক্ষার কোনো প্রতিষ্ঠান ছিল না। তিনি ১৯৪৮ সালে তাঁর কয়েক সহযোগী মিলে গড়ে তোলেন ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাফট। এটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শিল্পাচার্য এর অধ্যক্ষের দায়িত্ব নিয়ে মাত্র এক দশকের মধ্যেই প্রতিষ্ঠানটিকে দেশের চারুকলা আন্দোলনের কেন্দ্রে পরিণত করে তোলেন।

শিল্পাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে গৃহীত হয়েছে বছরব্যাপী নানা কর্মসূচি। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচিতে আজ জাতীয় জাদুঘরে উদ্বোধনী অনুষ্ঠানে জয়নুল আবেদিন স্মারক বক্তব্য দেবেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শিল্পাচার্যের ১০০টি ছবি নিয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া জাতীয় পর্যায়ের কর্মসূচির মধ্যে ২৯ ডিসেম্বর ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় হবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরদিন থেকে শুরু হবে পাঁচ দিনের লোকমেলা, সংগীতানুষ্ঠান ও প্রদর্শনী। বিকেল তিনটায় মেলা উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
চারুকলায় জয়নুল উৎসব: শিল্পাচার্যের জন্মশতবার্ষিকী উপলক্ষে চারুকলা অনুষদের আয়োজনে মাসব্যাপী জয়নুল উৎসবের অংশ হিসেবে ১১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বার্ষিক চারুকলা প্রদর্শনী। এবারের প্রদর্শনীর বৈশিষ্ট্য হলো কেমন করে বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম সৃষ্টি হয়, দর্শনার্থীরা বিভাগগুলোতে গিয়ে তা সরাসরি দেখেতে পাবেন। প্রাঙ্গণে রয়েছে উন্মুক্ত ভাস্কর্য প্রদর্শনীও, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আজ শুক্রবার সকাল নয়টায় চারুকলায় শুরু হচ্ছে চার দিনের জয়নুল মেলা। অনুষদের ডিন নিসার হোসেন প্রথম আলোকে জানান, লোকমেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ২৪ জন লোকশিল্পী তাঁদের সৃজনসম্ভার নিয়ে অংশ নেবেন। এতে থাকবে স্মৃতিচারণা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জয়নুল সম্মাননা ও পুরস্কার বিতরণী এবং পুনর্মিলনী। জয়নুল সম্মাননা দেওয়া হবে মেলার শেষ দিন ২৯ ডিসেম্বর। এবার সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট শিল্পী সমরজিৎ রায়চৌধুরী এবং ভারতের বরদা এম এস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক স্বনামখ্যাত শিল্পী ও কলাতাত্ত্বি গোলাম মোহাম্মদ শেখ। চারুকলা অনুষদের মাসব্যাপী উৎসবের শেষে থাকবে চারটি সেমিনার।
বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজন: বেঙ্গল ফাউন্ডেশনও বছরব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। এর অংশ হিসেবে ইতিমধ্যেই শিল্পাচার্যের জীবন ও কর্ম নিয়ে ইতালির বিখ্যাত প্রকাশনা সংস্থা স্কিরা-এর সঙ্গে গ্রেট মাস্টার্স অব বাংলাদেশ: জয়নুল আবেদিন নামের গ্রন্থ প্রকাশিত হয়েছে। ২৩ ডিসেম্বর থেকে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে শিল্পাচার্যের সংগ্রহ থেকে নির্বাচিত নকশিকাঁথার প্রদর্শনী। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।