শুরু হলো ঢাকা মহানগর স্কুল বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তবাদী, বিজ্ঞানমনস্ক ও গণতান্ত্রিক মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু নিয়ে হয়েছে প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০১৭। গতকাল শনিবার সকালে লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে এ বিতর্ক উৎসবের উদ্বোধন হয়।

‘যুক্তিতে মুক্তি’ স্লোগানে এবার ঢাকা মহানগরের পাঁচটি অঞ্চল—ধানমন্ডি, মিরপুর, রামপুরা, উত্তরা ও পুরান ঢাকায় এ বিতর্ক উৎসব চলবে। লালমাটিয়ায় গতকালের উৎসবে ধানমন্ডি অঞ্চলের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন অভিনেতা আফজাল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সাহা ও প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান।

উদ্বোধন করতে গিয়ে অভিনেতা আফজাল হোসেন বলেন, ‘যুক্তিতে মুক্তি শব্দ দুটির মধ্যেই মুক্তির কথা বলা আছে। যারা আগামী, তারা এই মন্ত্র যদি দেশব্যাপী ছড়িয়ে দেয় তাহলে আমাদের যে হতাশায় ভুগতে হচ্ছে, তা থেকে মুক্তি পাব।’

সকাল থেকেই বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অনুষ্ঠানে আসতে থাকে। সব বিতার্কিক দলের সঙ্গেই একজন করে শিক্ষক ছিলেন। পশ্চিম ধানমন্ডি ইউসুফ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির পাঁচ শিক্ষার্থীকে দেখা যায় নিজেদের মধ্যে গভীর আলোচনায় ব্যস্ত। প্রথমবারের মতো তারা অংশ নিচ্ছে। এদের মধ্যে সাকিবুল ইসলাম জাহিদ বলে, ‘প্রস্তুতি ভালো আমাদের। আশা করছি জিতব।’ প্রথম পর্ব শুরুর আগে আলী হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আফরোজা বেগম তাঁর দলকে নির্দেশনা দিচ্ছিলেন। দল জিতে আসবে, এটাই তাঁর প্রত্যাশা।

বিতর্ক হয় সনাতন পদ্ধতিতে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে চূড়ান্ত পর্বে অংশ নেয় দলগুলো। প্রতিটি পর্বই নকআউট। উৎসবের আয়োজক প্রথম আলোর বন্ধুসভা জাতীয় কমিটি। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ আয়োজন চলে বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত পর্বে ওঠে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ও কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ। চূড়ান্ত পর্বের বিষয় ছিল ‘পরিবেশ রক্ষায় জনগণের ভূমিকাই মুখ্য’। চ্যাম্পিয়ন হয় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সাহা, সহকারী প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান ও বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান বিজয়ী দল, দলের সেরা বক্তা ও রানারআপ দলের সেরা বক্তার হাতে মেডেল তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে শাহরিয়ার রাফাত সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি প্রথম আলো বন্ধুসভার স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরিচালিত হয়।