শুরু হলো প্রথম আলো-আইডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুক্তির আলোয় মুক্তি আসুক, সাজুক তেপান্তর’ স্লোগানে শুরু হয়েছে ১২তম প্রথম আলো-আইডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই আয়োজন শেষ হবে কাল শনিবার। আইডিয়াল স্কুল ডিবেটিং ক্লাবের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক প্রথম আলো। সহযোগিতা করছে অগ্রণী ব্যাংক লিমিটেড।
বিতর্ক প্রতিযোগিতায় নানা আয়োজনের মধ্যে থাকছে আন্তস্কুল বাংলা বিতর্ক, আন্তস্কুল বারোয়ারি বিতর্ক, আন্তক্লাব বাংলা বিতর্ক, আন্তক্লাব বারোয়ারি বিতর্ক, আন্তস্কুল দেয়াল পত্রিকা প্রতিযোগিতা এবং আন্তস্কুল কুইজ প্রতিযোগিতা। এতে ২৪টি স্কুলের বিতর্ক দল ও বিতার্কিকেরা অংশ নিচ্ছে। গতকাল সকাল সাড়ে আটটায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আবদুস ছালাম খান, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম, আইডিসির মডারেটর আলী মর্তুজা। গতকাল বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ পর্ব থেকে আটটি দল অংশ নেবে পরবর্তী পর্যায়ে। আগামীকাল সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেওয়া হবে।
১২তম প্রথম আলো-আইডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার মিডিয়া সহযোগী দেশ টিভি, সময় টিভি, কিশোর আলো, ইয়ুথ ওয়েভ ও এসকেবি নিউজ ডট কম। সহযোগিতা করছে রকমারি ডটকম ও হক বিস্কুট।