যুক্তরাজ্যের আদলে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে নীতি-সংলাপবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কর্মশালার উদ্বোধন করেন।ব্রিটিশ কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যৌথভাবে ‘কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড এনহ্যাসমেন্ট ইন হায়ার এডুকেশন: এক্সপেরিয়েন্স ইন দ্য ইউকে অ্যান্ড পসিবল ইমপ্লিকেশনস ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। ব্রিটিশ কাউন্সিলের ইন্সপায়ার প্রকল্পের শীর্ষ স্তর হিসেবে কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সম্পর্ক জোরদার করা প্রকল্পের উদ্দেশ্য। কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকেরা অংশ নিচ্ছেন।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, উন্নয়নের জন্য প্রয়োজনভিত্তিক শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার গুণগত শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে। ব্রিটিশ কাউন্সিলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনেক কিছু শেখা যাবে।এই সংলাপ উচ্চশিক্ষা বিষয়ে নীতিনির্ধারক ও পেশাজীবীদের একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক চার্লস নাটাল।