শুষ্ক মৌসুমে পানির সংকট হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসার কর্মকর্তারা বলেছেন, চলতি শুষ্ক মৌসুমে ঢাকায় পানির সংকট হবে না। বিদ্যুৎ-বিভ্রাট আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়াসহ বিভিন্ন কারণে প্রতিবছর পানির যে সংকট দেখা দেয়, এবার তা হবে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা কার্যালয়ে শুষ্ক মৌসুমে পানি সরবরাহের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কর্মকর্তারা এ কথা বলেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিন এ খান বলেন, এ বছর পানি সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসী পানি সংকটের অভিযোগ করলে তাৎক্ষণিক সাড়া দিয়ে সমস্যা দূর করা হবে। পানির ঘাটতি মোকাবিলার উদ্যোগ প্রসঙ্গে তাকসিন এ খান বলেন, গত এক বছরে ৮৮টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে এবং আরও ২৩টি নলকূপ স্থাপনের কাজ চলছে। লোডশেডিংয়ের সময় পানির উত্তোলন অব্যাহত রাখতে ৬০২টি পাম্পস্টেশনের মধ্যে ৪৩৩টিতে স্থায়ী জেনারেটর স্থাপন করা হয়েছে। জরুরি ব্যবহারের জন্য ৬০টি ভ্রাম্যমাণ জেনারেটর রয়েছে। ২০৪টি পাম্পস্টেশনে ডুয়েল লাইন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ৩৬টি পানির গাড়ি, ১৬টি ট্রাক্টর ও ২৮টি ট্রলি প্রস্তুত রাখা হয়েছে।তাকসিন এ খান আরও বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলোতে পানির উৎপাদন কমে যায়। এ ছাড়া বিদ্যুৎ-বিভ্রাটের কারণে পানি সরবরাহে বিঘ্ন ঘটে। ঢাকা ওয়াসা বলছে, ঢাকায় দৈনিক পানির চাহিদা ২১০ থেকে ২২৫ কোটি লিটার। বর্তমানে দৈনিক ২০৮ কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে। দৈনিক ঘাটতি প্রায় ১৭ কোটি লিটার। ওয়াসার কর্মকর্তারা বলেছেন, এবার শুষ্ক মৌসুমে পানির ঘাটতি হবে না। পানির সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভূ-উপরিস্থ উৎস থেকে পানি সংগ্রহের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ওয়াসা পানির ৮৭ শতাংশ ভূগর্ভস্থ এবং বাকি ১৩ শতাংশ ভূ-উপরিস্থ উৎস থেকে সংগ্রহ করে।এক প্রশ্নের জবাবে তাকসিন এ খান বলেন, পানির সংকট নিয়ে নগরবাসীর অভিযোগের তাৎক্ষণিক সাড়া দেবে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সভায় আরও উপস্থিত ছিলেন ওয়াসার কর্মকর্তা কামরুল আলম চৌধুরী, সিরাজ উদ্দিন, উত্তম কুমার রায় প্রমুখ।