যুব উন্নয়ন অধিদপ্তরের যেসব শূন্যপদে এখনই নিয়োগ দেওয়া সম্ভব, সেগুলোর বিপরীতে আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এই সুপারিশ করা হয়। বৈঠকে বিগত বৈঠকে সুপারিশের পরও অধিদপ্তরের শূন্যপদে কোনো লোকবল নিয়োগ না করতে পারায় অসন্তোষ প্রকাশ করা হয়।বৈঠকে যুব উন্নয়ন অধিদপ্তরের জনবল নিয়োগের নিয়মাবলি-সংক্রান্ত জটিলতা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি উপকমিটি করা হয়। স্থায়ী কমিটির সদস্য মাহাবুব আরা গিনিকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন উপজেলায় অধিদপ্তরের প্রশিক্ষণের শেষের দিনই ওই সব এলাকার সাংসদদের উপস্থিতিতে সনদ বিতরণের সুপারিশ করা হয়। এ ছাড়া কমিটি পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় স্টেডিয়াম বা জিমনেসিয়াম করার বিষয়ে আলোচনা করে। প্রাথমিকভাবে তারা ২০টি উপজেলায় বরাদ্দ দেওয়ারও সুপারিশ করেছে।বৈঠকে মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে কমিটির সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার, সামশুল হক চৌধুরী, মো. আমজাদ হোসেন, মাহাবুব আরা গিনি, মো. শফিকুল আজম খান, তালুকদার মো. তৌহিদ জং প্রমুখ উপস্থিত ছিলেন।